IND vs ENG: ইংল্যান্ড ব্যাট করতে পাঠাল ভারতকে, দুই দলে ৫ পরিবর্তন
IND vs ENG: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিক। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার চলতি সিরিজে এদিনই প্রথম টস জিতলেন। দুই দলে মোট পাঁচটি পরিবর্তন।

ভারত আজ জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে। সিরিজ জিইয়ে রাখতে ইংল্যান্ডকে জিততেই হবে। ইংল্যান্ড দলে মার্ক উডের জায়গায় এলেন সাকিব মাহমুদ। জেমি স্মিথ রাজকোটে চোট পেয়েছিলেন। তাঁর জায়গায় একাদশে এলেন জেকব বেথেল।
সূর্যকুমার যাদব জানালেন ভারতীয় দলে তিনটি পরিবর্তন আনার কথা। রাজকোটে বিশ্রাম দেওয়া হয়েছিল অর্শদীপ সিংকে। মহম্মদ শামি খেলেছিলেন। আজ শামিকে একাদশে রাখা হয়নি। একাদশে ফিরলেন অর্শদীপ।
এ ছাড়া ফিট হয়ে একাদশে ফিরলেন রিঙ্কু সিং। একাদশ থেকে বাদ পড়লেন ধ্রুব জুরেল। নীতীশ কুমার রেড্ডি চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডাক পেয়েছিলেন শিবম দুবে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় তাঁকে খেলাচ্ছে ভারত।
এই স্টেডিয়ামে পিচের দুই পাশের বাউন্ডারি স্ট্রেট বাউন্ডারির চেয়ে ছোট। ডিউ ফ্যাক্টর হতে পারে। এই সিরিজে প্রথম লাল মাটির পিচে খেলা হচ্ছে। পিচের ৬০ শতাংশ লাল মাটি। ৪০ শতাংশ কালো মাটি। নিক নাইট মনে করেন, এই পিচ ইংল্যান্ডের পেসারদের সুবিধা দেবে।
তবে পিচ বেশ শুষ্ক। কিছু ফাটলও দেখা যাচ্ছে। সূর্যকুমার যাদব টস হারলেও বলে দিলেন, ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেই জেতার চেষ্টা করবেন। জস বাটলারের কথায়, রাজকোটে দলের পারফরম্যান্সে খুশি। তবে এটাও আমাদের মরণ-বাঁচন ম্যাচ।
ভারত- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।












Click it and Unblock the Notifications