বাবার বাইকে চড়ে ক্রিকেট শিখতে যাওয়া! টেস্টকে শিখরে রেখে আবেগাপ্লুত অশ্বিনের মুখে কাদের কথা?
Ashwin's 100th Test: ভারতের চতুর্দশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। সবচেয়ে বেশি টেস্ট খেলা সচিন তেন্ডুলকর থেকে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের বিশেষ বার্তাও পেলেন।
খেলা শুরুর আগে ধরমশালা সাক্ষী থাকল আবেগঘন মুহূর্তের। অশ্বিনের হাতে বিশেষ স্মারক টুপি তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এরপর দেখা গেল আবেগাপ্লুত অশ্বিনকে।

আইপিএলের জনপ্রিয়তা, টি২০ ফরম্যাটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ বৃদ্ধিতে আপত্তি নেই অশ্বিনের। যদিও তিনি সবার আগে রাখেন টেস্ট ফরম্যাটকেই। অশ্বিনের দাবি, এই ফরম্যাট এমন অনেক কিছু শেখায়, যা সাধারণ জীবন থেকে মেলে না। অর্থাৎ টেস্ট ক্রিকেট ছাড়া শিক্ষার বৃত্ত অসম্পূর্ণ বলেই মত অশ্বিনের।
শততম টেস্টে সংবর্ধিত হয়ে অশ্বিন বলেন, আইপিএল বিপুল জনপ্রিয় টুর্নামেন্ট। ছোটরা টি২০ খেলতে চায়, স্বপ্ন দেখে আইপিএল খেলার। আমি চাই সেই লক্ষ্য পূরণ হোক। তবে টেস্ট ফরম্যাট হলো অনেক কিছুর সমন্বয়। মনিয়ে নেওয়া থেকে চাপের মুখে কী করণীয়, সেই শিক্ষাই মেলে টেস্ট ক্রিকেট থেকে।
অশ্বিন বাবা রবিচন্দ্রনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানালেন। অশ্বিন বলেন, আবেগ আমাকে নাড়া দিতে পারে না। তবে আজ অবশ্যই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলাম। সেটা চেন্নাইয়ে বসে থাকা একজন মানুষের জন্য। দুর্ভাগ্যজনকভাবে যিনি আজ এখানে হাজির থাকতে পারেননি। উল্লেখ্য, অশ্বিনের মা অসুস্থ, সে কারণে বাবাও রয়েছেন চেন্নাইয়ে।
ছোটবেলা প্রথম ক্রিকেট শিখতে যাওয়ার কথা উল্লেখ করেন অশ্বিন। তিনি বলেন, এখনও মনে আছে, ছোটবেলায় বাবার বাইকের পেট্রোল ট্যাঙ্কের সামনে কিট রেখে ক্রিকেট শিখতে গিয়েছিলাম। বাবাই আমাকে নিয়ে গিয়েছিলেন কোচিং ক্যাম্পে। এভাবেই একজন সরকারি কর্মচারী বাবা চেয়েছিলেন তাঁর সন্তান জীবনে এগিয়ে যাক।
ক্রিকেটীয় সফরে বাবা, মা এবং ঠাকুরদার অবদানের কথাও উঠে এসেছে অশ্বিনের কথায়। সেই সঙ্গে অবশ্যই বলেছেন স্ত্রী প্রীতি ও দুই কন্যাসন্তানের কথা। দ্রাবিড়ের থেকে স্মারক টুপি পেয়ে তা কন্যার হাতে তুলে দিয়েছেন অশ্বিন। মাঠে নামার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অশ্বিনকে গার্ড অব অনার দেয় ভারতীয় দল।
ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় তার আগে বলেন, চেন্নাইয়ের রাস্তায় ক্রিকেট খেলা দিয়ে শুরু। ফলে অশ্বিনের এই দীর্ঘ সফর ঘটনাবহুল। তাঁর পরিবারের সহযোগিতা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। তাঁদেরও অভিনন্দন। এই সংবর্ধনা পাওয়ার যোগ্য অশ্বিন, তাঁর সম্পর্কে বলতে পারা, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ যে তিনি উপভোগ করছেন সেটাও উল্লেখ করেন দ্রাবিড়।












Click it and Unblock the Notifications