IND vs AFG: ভারত শেষ ৫ ওভারে তুলল ১০৩! রোহিত-রিঙ্কুর তাণ্ডবে একাধিক নজির, কেঁপে গেল আফগানিস্তান
IND vs AFG: বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ আন্তর্জাতিকে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলল। তাও কিনা টস জিতে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ২২ রানে চার উইকেট হারিয়ে।
রোহিত শর্মা প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সাকুল্যে তিন বল খেলে। আর আজ দলের বিপর্যয় রুখে দিলেন রিঙ্কু সিংকে নিয়ে। টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের সেরা ইনিংস খেলে এখন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার পথে রোহিত।

আজ ভারত জিতলেই আফগানিস্তানকে টি২০ আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ করে ছাড়বে। বিরাট কোহলি ও সঞ্জু স্যামসন এদিন গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। যশস্বী জয়সওয়াল ৪ ও শিবম দুবে ১ রান করে আউট হয়েছিলেন। এরপর ১৯০ রানের পার্টনারশিপ গড়ে রোহিত ১২১ ও রিঙ্কু ৬৯ রানে অপরাজিত রইলেন।
রোহিত শর্মা এদিন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে পঞ্চম টি২০ আন্তর্জাতিক শতরানটি পেলেন। টি২০ কেরিয়ারে এটি তাঁর সপ্তম শতরান। ২০১৭ সালে ইন্দোরে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮ করেছিলেন। সেই ম্যাচে ১২টি চার ও ১০টি ছয় মারেন। নিজের সেই রান এদিন টপকে গেলেন, ৬৯ বলে ১১টি চার ও আটটি ছয়ের সাহায্যে অপরাজিত ১২১ রান করে।
২০১৮ সালে লখনউয়ে হিটম্যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ৬১ বলে অপরাজিত ১১১। সেই ইনিংসে ছিল ৮টি চার, সাতটি ছয়। এ ছাড়া ২০১৫ সালে ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে রোহিত করেন ৬৬ বলে ১০৬। ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত ১১টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫৬ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন।
২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন রোহিত। তবে আজ যে চাপে পড়েছিল সেখান থেকে রিঙ্কুকে নিয়ে রোহিত যে শতরান হাঁকালেন তা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা শতরানগুলির মধ্যে থাকবে। টি২০ ক্রিকেটে শতরানের সংখ্যার নিরিখে রোহিত আপাতত যুগ্ম চতুর্থ স্থানে।
ক্রিস গেইলের ২২টি টি২০ শতরান রয়েছে। বাবর আজমের রয়েছে ১০টি। ৮টি করে টি২০ শতরান রয়েছে মাইকেল ক্লিঙ্গার, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের। রোহিত সপ্তম টি২০ শতরান করে ধরে ফেললেন লুক রাইট ও ব্রেন্ডন ম্যাকালামকে। ভারত এদিন শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০৩ রান তুলেছে।
শেষ ওভারে করিম জানাত ৩৬ রান খরচ করেছেন। রোহিতের সঙ্গে মারমুখী ছিলেন রিঙ্কু সিং। রিঙ্কুর টি২০ বিশ্বকাপে জায়গা পাকা করতে আজকের ইনিংসটি বড় ভূমিকা নেবে। রিভিউ নিয়ে রক্ষা পেয়েছিলেন। ৮.৩ ওভারে রিঙ্কুকে লেগ বিফোর দিয়েছিলেন আম্পায়ার বীরেন্দর শর্মা। ভারত রিভিউ নিলে দেখা যায় বল রিঙ্কুর ব্যাটে লেগে প্যাডে লেগেছে।
তারপর আর ফিরে তাকাতে হয়নি। রিঙ্কু আজ কেরিয়ারের ১৫তম টি২০ আন্তর্জাতিক খেলছেন। ১১তম ইনিংসে পেলেন দ্বিতীয় অর্ধশতরান। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। আজ ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকলেন, ২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে। যে পরিস্থিতিতে তিনি অধিনায়ককে ভরসা দিয়ে এই দায়িত্বশীল ইনিংস খেললেন তা ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে অনেক দিন।
আজ ভারত জিতলে রোহিত শর্মার অধিনায়কত্বে ৪২তম টি২০ আন্তর্জাতিকে জয়লাভ করবে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল ৪১টি টি২০ আন্তর্জাতিক। অধিনায়ক হিসেবে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কার নিরিখে ইয়ন মর্গ্যানকে এদিনই পিছনে ফেললেন হিটম্যান।












Click it and Unblock the Notifications