অশ্বিন ফর্মে থাকলেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতবে ভারত, আশাবাদী সৌরভ
কলকাতা, ৮ জুলাই : আগামী ২১ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে বিরাট কোহলির ভারত। ক্যারিবিয়ানদের দেশে মোট ৪টি টেস্ট খেলবে ভারত। তার আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
এই সফরে প্রথমবার দলের কোচ হিসাবে গিয়েছেন অনিল কুম্বলে। বিরাট কোহলি ও তাঁর জুটি কেমন কাজ করে সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। কোচ বাছাইয়ের নেতৃত্ব দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু আশাবাদী ভারতের ক্যারিবিয়ান সফর নিয়ে।

এদিন জন্মদিনে এক টেলিভিশন সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, রবিচন্দ্রণ অশ্বিন ফর্মে থাকলে ভারতের টেস্ট সিরিজের ভালো ফল না করার কোনও কারণ নেই। গত কিছু মাসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অসাধারণ উন্নতি করেছে। তবে ওখানকার স্লো উইকেটে অশ্বিন ভালো বল করলেই ভারত অনায়াসে সিরিজ জিতবে।
এর পাশাপাশি কোহলি-কুম্বলে জুটি নিয়েও নিজের আশার কথা জানিয়েছেন সৌরভ। তাঁর কথায়, আমি দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তারা নিজেদের দায়িত্ব ভালোই পালন করবে। ভারতও সিরিজে ভালো ফল করবে।












Click it and Unblock the Notifications