ICC World Cup 2023: ভারতকে হারাতে বাংলাদেশের কাছে একটা পথই খোলা, কোন দিকে ইঙ্গিত সৌরভের?
ICC World Cup 2023: আজ পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। শেষ পাঁচটি পারস্পরিক দ্বৈরথের নিরিখে বাংলাদেশ এগিয়ে রয়েছে ৩-২ ব্যবধানে। যদিও বিশ্বকাপে মাত্র একবারই ভারতকে হারিয়ে টাইগাররা।
ভারত ইতিমধ্যেই দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে। আজ জিতলেই রোহিত শর্মারা চারে চার করে ফেলবেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ম্যাচের বিশ্লেষণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বাংলাদেশ আফগানিস্তানকে প্রথম ম্যাচে ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল। যদিও এরপর ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয়েছে শাকিব আল হাসানের দল। আজ ভারতের কাছে হারলে শেষ চারে যাওয়ার স্বপ্ন ধাক্কা খাবে অনেকটাই। কঠিন হয়ে যাবে পথ।
গত ডিসেম্বরে বাংলাদেশ নিজেদের দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। প্রথম ম্যাচে ২৪ বল বাকি থাকতে ১ উইকেটে ও পরের ম্যাচে জিতেছিল ৫ রানে। শেষ ম্যাচ জেতে ভারত, জয়ের ব্যবধান ছিল ২২৭ রানের। এশিয়া কাপে ভারতকে ৬ রানে বাংলাদেশ হারায়।
তবে এই ম্যাচগুলিতে পূর্ণশক্তির দল ছিল না ভারতের। তাছাড়া চলতি বিভাগে যেভাবে তিন বিভাগেই দাপট দেখাচ্ছে রোহিত শর্মার মেন ইন ব্লু, সেটাও ওই ম্যাচগুলিতে দেখা যায়নি। বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এখন বিশ্বকাপে সেট দল যেভাবে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে তাতে ফেভারিট ভারতই।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারত বিশ্বকাপে বিধ্বংসী ফর্মে রয়েছে। বাংলাদেশ ম্যাচটাও গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের পক্ষে কঠিনই হবে এই ম্যাচ জেতা। আমার বাংলাদেশের বন্ধুরা বলছেন, বাংলাদেশ আজ ভারতকে হারাবে। দেশ হিসেবে বাংলাদেশ আমার পছন্দের। বাংলাদেশের অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবু বলি, ভারত এখন শুধু বাংলাদেশ নয়, সকলের পক্ষেই খুব শক্তিশালী।
সৌরভের কথায়, ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান কিংবা নেদারল্যান্ডসের দক্ষিণ আফ্রিকাকে হারানোর উদাহরণ সামনে রেখে কেউ কেই মনে করতেই পারেন আজ বাংলাদেশ জিতবে। কিন্তু বাংলাদেশকে জিততে হলে, ভারতকে অনেকটাই খারাপ খেলতে হবে।
সৌরভ আরও বলেছেন, ভারতীয় দলের সকলেই ভালো খেলছেন। ব্যাটাররা দারুণ ছন্দে, জসপ্রীত বুমরাহর নেতৃত্বে বোলিং বিভাগ মারাত্মক শক্তিশালী। নতুন হোক বা পুরানো বল, বাংলাদেশের ব্য়াটারদের উপর পুরো ৫০ ওভারই চাপ থাকবে।
১৯ নভেম্বর রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ওঠার প্রত্যাশা সৌরভের। তবে এখনও অনেকটা পথ বাকি। লিগ পর্বের ৬টি ম্যাচ, সেমিফাইনালের পর ফাইনাল। তবে যে ছন্দে ভারত রয়েছে তাতে একেকটা ধাপ পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে ধারাবাহিকতা বজায় রাখাই যে জরুরি সে কথা স্মরণ করিয়ে দিলেন মহারাজ।












Click it and Unblock the Notifications