ICC CWC 2023: সৌরভ বিশ্বকাপে ভারতকে অনেকটাই এগিয়ে রাখলেন, মহারাজের বিশ্লেষণে চিন্তা বাড়ল পাকিস্তানের
ICC CWC 2023: সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্য়াচে। সেই স্টেডিয়ামে সৌরভের সঙ্গে সেলফি তোলার হুড়োহুড়ির ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সৌরভ শহরে ফিরে সেরেছেন দাদাগিরির শ্যুটিং। দুর্গাপুজোও কাটাবেন কলকাতাতেই। তবে নজর রাখছেন বিশ্বকাপে।

সৌরভের পুজো বলেই বিখ্যাত তাঁর বাড়ির গা-লাগোয়া বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজো। যেখানে অনেকে প্রতিমা দর্শন সেরেও অপেক্ষা করেন দাদা-দর্শনের। সৌরভ মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন পুজো মণ্ডপে। সেই সময় যে দর্শনার্থীরা থাকেন, তাঁদের কাছে এটা বাড়তি পাওনা। গতকাল সন্ধ্যায় পুজোর উদ্বোধন করলেন মহারাজ।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে হলো বড়িশা প্লেয়ার্স কর্নারের ৫১তম দুর্গোৎসব। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় এই পুজোর সূচনা করেছিলেন। সৌরভের বয়স আর এই পুজোর বয়স সমান। সৌরভ মজা করে বললেন, নিজের পাড়ার পুজোর ফিতে নিজেকেই কাটতে হয়। অন্য কাউকে দিয়ে উদ্বোধন করতে বললেও কেউ শোনে না।

সৌরভ বললেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় অন্য কোথাও যাওয়ার প্রশ্নই নেই। বাড়ির পাশেই এত সুন্দর পুজো। তাছাড়া রাজারহাট থেকে ফিরছিলাম। দেখলাম গোটা কলকাতা ঝলমল করছে। বিশ্বকাপ নিয়ে সৌরভ বললেন, ইন্ডিয়া হিউজলি ফেভারিট, হিউজলি। অর্থাৎ বোঝাই গেল অঘটনের বিশ্বকাপে ভারতকে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখছেন সৌরভ।
সৌরভ আমেদাবাদে বলেছিলেন, তাঁর সময় সবচেয়ে বড় ম্যাচ ছিল ভারত-অস্ট্রেলিয়া। আমেদাবাদের মাঠে বসে পাকিস্তানের খেলা দেখেও অবাক মহারাজ। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, আমাদের সময় পাকিস্তান অন্যরকম দল ছিল। আমরা যে পাকিস্তান দলকে সামলেছি, তা এখনকার মতো নয়।
ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটিংয়ের সময় চাপ সামলাতে পারেনি বলে মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেন, এমন ব্যাটিং নিয়ে চলতি বিশ্বকাপে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিনই হবে। ভারত অধিনায়ককে নিয়ে সৌরভ বলেন, রোহিত পাকিস্তানের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেছেন। ভারতের প্রতিটি বিভাগই ভালো করছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং একসঙ্গে জ্বলে উঠছে সঠিক সময়েই।
(ছবি- বড়িশা প্লেয়ার্স কর্নার)












Click it and Unblock the Notifications