ICC CWC 2023: ফুড ডেলিভারির পর ক্রিকেটপ্রেমীদের মুখেও হাসি ফোটাচ্ছেন নেদারল্যান্ডস পেসার, অবদান দুই অঘটনেই
ICC CWC 2023: জীবন কোথায় কাকে নিয়ে যায় কেউ বলতে পারে না। বছর তিনেক আগেও সংসার চালানোর জন্য শীতের প্রবল কামড় উপেক্ষা করেও ফুড ডেলিভারির কাজ যাঁকে করতে হতো. তিনিই এখন জোড়া অঘটনের নায়ক।
গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিয়েছে নেদারল্যান্ডস। গত বছরের নভেম্বরে প্রোটিয়াদের টি ২০ বিশ্বকাপে হারিয়েছিল ডাচরা। এবার ৫০ ওভারের ফরম্যাটে। এই জয়ে অবদান রয়েছে পল ভ্যান মিকেরেনের।

নেদারল্যান্ডস বিশ্বকাপের আসরে অন্যতম সেরা অঘটনটি ঘটানোর পর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি টুইট। যা পল ভ্যান মিকেরেনের। তখনও বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। যার জেরে পিছিয়ে গিয়েছিল টি ২০ বিশ্বকাপ। ১৫ নভেম্বর ফাইনাল হওয়ার কথা ছিল। সেদিনই মজা করে একটু টুইট করেন মিকেরেন।
একটি ক্রিকেট ওয়েবসাইটে লেখা ছিল, সবকিছু ঠিকঠাক চললে আজই (২০২০ সালের ১৫ নভেম্বর) টি ২০ বিশ্বকাপের ফাইনাল হতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেটিকেই রিটুইট করে মিকেরেন লেখেন, আজ হয়তো আমি ক্রিকেট খেলতাম। কিন্তু তা না করে আমি উবার ইটসের (Uber Eats) হয়ে শীতের মধ্যেই খাবার ডেলিভারি করছি।
শেষ লাইনে মিকেরেন লেখেন, মজাই লাগে কীভাবে নানা জিনিস পরিবর্তিত হয়। তবু মানুষের মুখে হাসি থাক। মিকেরেন ফুড ডেলিভারির কাজ করে যেমন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তেমনই হাসি ফোটালেন দেশের ক্রিকেটপ্রেমীদের মুখেও। বিশ্বকাপের আসরে। গতকাল তিনি ৯ ওভার বল করেনষ ৪০ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের একাদশ ওভারের দ্বিতীয় বলে তিনি বোল্ড করে দেন বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরানের মালিক এইডেন মার্করামকে। এটি প্রোটিয়াদের চতুর্থ উইকেট। এরপর ২৫তম ওভারের শেষ বলে মিকেরেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্কো জানসেন, এটি ছিল দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট।
টি ২০ বিশ্বকাপেও অ্যাডিলেডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ডাচরা জেতে ১৩ রানে, মিকেরেন ৩ ওভারে ৩৩ রান খরচ করে তুলে নিয়েছিলেন অধিনায়ক তেম্বা বাভুমার উইকেটটি। ফলে বিশ্বকাপের দুটি ফরম্যাটেই প্রোটিয়াদের বিরুদ্ধে জোড়া অঘটনে অবদান রয়েছে মিকেরেনের।
বছর তিরিশের মিকেরেনের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৩ সালে। ৫০ ওভারের বিশ্বকাপ খেলছেন এই প্রথম। একদিনের আন্তর্জাতিকে ১৬ ম্যাচে ২০টি ও টি ২০ আন্তর্জাতিকে ৫৮ ম্যাচে ৬৪ উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি, লিস্ট এ-তে ১০৬টি ও টি ২০-তে ৯০টি উইকেট রয়েছে মিকেরেনের ঝুলিতে।












Click it and Unblock the Notifications