ICC CWC 2023: বিশ্বকাপে প্রথম ম্য়াচে পাকিস্তানের পরিসংখ্যান লজ্জাজনক! হায়দরাবাদেও চাপে রাখল নেদারল্যান্ডস
ICC World Cup 2023: বিশ্বকাপে আজ হায়দরাবাদে পাকিস্তান মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস জিতে বাবর আজমদের ব্যাট করতে পাঠিয়েছেন।
৯.১ ওভারে পাকিস্তান ৩৮ রান তোলার ফাঁকে তিন উইকেট হারিয়েছে। ১৫ রানের মাথায় ফখর জামান (১৫ বলে ১২), ৩৪ রানের মাথায় বাবর (১৮ বলে ৫) এবং ৩৮ রানের মাথায় ইমাম উল হক (১৯ বলে ১৫) সাজঘরে ফিরেছেন।

ফলে নেদারল্যান্ডস ভালো চাপেই রেখেছে পাকিস্তানকে। পাকিস্তানের চিন্তা বাড়ার পক্ষে যথেষ্ট বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স। পরিসংখ্যান বলছে, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছিল পাকিস্তান। শেষ পাঁচটি বিশ্বকাপের খতিয়ান অনুযায়ী চারবারই প্রথম ম্যাচ হেরেছে পাকিস্তান।
২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছিল। জোহানেসবার্গে সেবার পাকিস্তান হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। অ্যান্ড্রু সাইমন্ডসের ১২৫ বলে অপরাজিত ১৪৩ রানের সুবাদে ৮ উইকেটে ৩১০ রান তুলে ৮২ রানে ওয়াকার ইউনিসের নেতৃত্বাধীন পাকিস্তানকে হারিয়েছিল রিকি পন্টিংয়ের দল। ইয়ান হার্ভে নিয়েছিলেন ৪ উইকেট।
২০০৩ সালের পর ২০০৭ সালের বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে কিংস্টনে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। সেবার পাক অধিনায়ক ছিলেন ইনজামাম উল হক। এই ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৫ বলে ৩২ রান করার পাশাপাশি ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ডোয়েইন স্মিথ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারার হ্যাটট্রিক পাকিস্তান রুখতে সক্ষম হয় ২০১১ সালের বিশ্বকাপে।

২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তান হাম্বানটোটায় অভিযান শুরু করেছিল কেনিয়া ম্যাচ দিয়ে। সেই ম্যাচে কেনিয়াকে ২০৫ রানে পরাস্ত করেছিল শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। ৫২ বলে ৭১ রান করা উমর আকমল হন ম্যাচের সেরা।
২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারতের। ম্যাচটি হয়েছিল অ্যাডিলেডে। বিরাট কোহলির ১২৬ বলে ১০৭ ও সুরেশ রায়নার ৫৬ বলে ৭৪ রানের দৌলতে ভারত ৭ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছিল। জবাবে ৪৭ ওভারে মিসবা উল হকের পাকিস্তান ২২৪ রানে গুটিয়ে গিয়েছিল। চার উইকেট নেন মহম্মদ শামি।
২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম ম্য়াচটি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটিও ছিল এবারের মতোই বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচ। নটিংহ্যামে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তানকে ২১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২১.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ওশেন থমাস চারটি ও জেসন হোল্ডার তিনটি উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications