ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে কেমন হচ্ছে পিচ? রোহিত ও বাবরের দলের একাদশে থাকছেন কারা?
ICC World Cup 2023: বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ম্যাচটি এসেই গেল। কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই দেশই নামছে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক সারার লক্ষ্যে।
ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপে কোনওদিনই হারাতে পারেনি পাকিস্তান। সেই ধারা অব্যাহত থাকবে, নাকি ২০২১ সালে টি ২০ বিশ্বকাপের পর এবার ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান চাকা উল্টোদিকে ঘোরাতে পারবে, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

অধিনায়ক রোহিত শর্মা আগেই ইঙ্গিত দিয়েছেন ভারতকে যেহেতু ৯টি আলাদা স্টেডিয়ামে লিগ পর্বের ৯টি ম্যাচ খেলতে হবে, সেক্ষেত্রে প্রতিটি স্টেডিয়ামের পিচ ও কন্ডিশন অনুযায়ী প্রথম একাদশ সাজানোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়েছিল চেন্নাইয়ে। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে বসিয়ে খেলানো হয় শার্দুল ঠাকুরকে।
মনে করা হচ্ছে, শার্দুল ঠাকুরকে প্রথম এগারোর বাইরে থাকতে হতে পারে পাকিস্তান ম্য়াচে। তাঁর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হবে, নাকি মহম্মদ শামিকে আনা হবে সেটা নিয়ে জল্পনা তুঙ্গে। আমেদাবাদের স্টেডিয়াম শামির আইপিএল দল গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। বিশ্বকাপে শামি পাকিস্তানের বিরুদ্ধে ভালো বোলিংও করেছেন।
ফলে শামিকে একাদশে আনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অশ্বিনকে একাদশে শার্দুল ঠাকুরের পরিবর্তে আনা হতে পারে। তাতেও শামিকে খেলানোর সম্ভাবনা থাকবে। আফগানিস্তান ম্যাচে ৭৬ রান দিয়ে উইকেটহীন থাকা মহম্মদ সিরাজের জায়গায়। সিরাজ এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে উইকেট পাননি। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে ছয় উইকেট নেন।

শুভমান গিল পাকিস্তান ম্যাচে খেলার জন্য ৯৯ শতাংশ প্রস্তুত বলে রোহিত শর্মা জানিয়েছেন। ফলে গিল দলে এলে বাইরে যাবেন ঈশাণ কিষাণ। পাকিস্তান দলে অবশ্য রদবদলের তেমন প্রয়োজনীয়তা নেই। আমেদাবাদে গরম ভালোই রয়েছে। ডিউ ফ্যাক্টর হতে পারে। কালো মাটির পিচে খেলা হবে কালকের ম্য়াচটি। টস জিতলে ব্যাটিং নেওয়াই নিরাপদ বলে মনে করা হচ্ছে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল বা ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের মধ্যে কোনও ২ জন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications