ICC World Cup 2023: হার্দিকের অনুপস্থিতি ঢাকলেন সতীর্থরা, দুরন্ত বোলিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানে আটকাল ভারত
ICC CWC 2023: বাংলাদেশের বিরুদ্ধেও জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। তাও হার্দিক পাণ্ডিয়া মাত্র তিনটি বল করার পর গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়ার পরও। বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল ভারতকে তিনশোর বেশি রান তাড়া করতে হবে।
যদিও তার অনেক কমেই টাইগারদের বেঁধে ফেল বিশ্বের ১ নম্বর দল ভারত। আজ পুনেতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে। জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজের ঝুলিতে ২টি করে উইকেট।

প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৬৩। একাদশ ওভারের শুরু থেকে ৪০তম ওভারের শেষ বল অবধি দ্বিতীয় পাওয়ারপ্লেতে বাংলাদেশের ৫ উইকেট পড়ে, এই সময়কালে রান ওঠে ১২৬। তৃতীয় পাওয়ারপ্লে বা শেষ ১০ ওভারে বাংলাদেশ ৬৭ রান তুলেছে, তিন উইকেটের বিনিময়ে।
লিটন দাস সাতটি চারের সাহায্যে ৮২ বলে সর্বাধিক ৬৬ রান করেন। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫১ রান তানজিদ হাসানের। মাহমুদুল্লাহ ৩৬ বলে ৪৬, মুশফিকুর রহিম ৪৬ বলে ৩৮ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮, মেহিদি হাসান মিরাজ ৩, তৌহিদ হৃদয় ১৬, নাসুম আহমেদ ১৪ রানে আউট হন।
শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪১ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন।

মহম্মদ সিরাজ ২টি উইকেট পেলেও এদিনও ১০ ওভারে ৬০ রান দেন। শার্দুল ঠাকুর ৯ ওভারে ৫৯ রান খরচ করে পেলেন ১টি উইকেট। কুলদীপ যাদব ৯ ওভারে ৫৯ রান খরচ করে একটি উইকেট পান। বাংলাদেশের ওপেনিং জুটি তিনিই ভেঙেছিলেন। রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল দুটি অনবদ্য ক্যাচ ধরেন এদিন।












Click it and Unblock the Notifications