ICC World Cup 2023: বিশ্বকাপে সেরা বোলিংয়ের প্রথম পাঁচে ৩ জনই অস্ট্রেলিয়ার, নেই কোনও ভারতীয়
ICC World Cup 2023: বিশ্বকাপের কোনও ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এমন বোলারের সংখ্যা ৪। এই বোলারদের মধ্যে দুজন অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের প্রথম পাঁচে নেই কোনও ভারতীয়।
সেরা পাঁচ বোলিং ফিগারের তালিকায় আবার তিনজনই অস্ট্রেলিয়ার বোলার। এ ছাড়া নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে রয়েছেন।

বিশ্বকাপের ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে গ্লেন ম্যাকগ্রার দখলে। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমের সেনওয়েজ পার্কে অজি কিংবদন্তি ম্যাকগ্রা ৭ উইকেট তুলে নিয়েছিলেন ১৫ রানের বিনিময়ে। নামিবিয়ার বিরুদ্ধে। তাঁর বোলিং ফিগার ছিল ৭ ওভার ৪ মেডেন ১৫ রান ৪ উইকেট।
সেবার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোর পিছনেও বড় অবদান ছিল ম্যাকগ্রার। ফাইনালে ভারতের শেষ উইকেটটি (জাহির খান) তিনিই নিয়েছিলেন।
২০০৩ সালের বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার আরেক পেসার অ্যান্ডি বিকেল সাত উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ফিগারের তালিকায় তাঁর কীর্তি রয়েছে দ্বিতীয় স্থানে। জেসন গিলেসপির পরিবর্ত হিসেবে দলে এসে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ইংল্যান্ডের বিরুদ্ধে বিকেল ২০ রানের বিনিময়ে নেন সাত উইকেট।
বিকেলের বোলিং ফিগার ছিল ১০ ওভার ২০ রান ৭ উইকেট। ওই ম্যাচে তিনি ব্যাট হাতে অপরাজিত ৩৪ করে দলকে ২ উইকেটে জেতান।
নিউজিল্যান্ডের টিম সাউদি ২০১৫ সালের বিশ্বকাপে সাত উইকেট নেন। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে পান ৭ উইকেট। ইংল্যান্ড ১২৩ রানে গুটিয়ে গিয়েছিল। জয়ের রান কিউয়িরা ১২.২ ওভারে তুলে নেয়। নিউজিল্যান্ডকে বিশ্বকাপে তোলার ক্ষেত্রে অবদান ছিল সাউদির।
১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস লিডসের হেডিংলিতে ১০.৩ ওভারে ৫১ রান দিয়ে ৭ উইকেট দখল করেছিলেন। বিশ্বকাপে সেবারই প্রথম কোনও বোলার ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন। যদিও এরপরের ম্যাচগুলিতে মাত্র ১ উইকেট পান। সেমিফাইনাল ও ফাইনালের একাদশ থেকে বাদও পড়েছিলেন।
১৯৭৫ সালের বিশ্বকাপে লিডসের হেডিংলিতেই ১২ ওভার হাত ঘুরিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোর। ইংল্যান্ড গুটিয়ে যায় ৯৩ রানে। তাঁর এই বোলিংয়ের সৌজন্যে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয় ছিনিয়ে কাপের দখল নেয়।

প্রথম পাঁচ সেরা বোলিংয়ের তালিকায় ভারতের কেউ নেই। তবে যাঁরা ৬ উইকেট নিয়েছেন বিশ্বকাপে সেই তালিকায় দুই নম্বরে এবং সর্বকালীন সেরা বোলিং ফিগারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আশিস নেহরা। ২০০৩ সালের বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে নেহরা ১০ ওভারে ২টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেন।












Click it and Unblock the Notifications