ICC CWC2023: এ কেমন বিচার আইসিসি? দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভ্রান্তিবিলাস! শ্রীলঙ্কার হজম করা রান তুলবে বাংলাদেশ?
ICC World Cup 2023: দিল্লিতে বিশ্বরেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তুলে। যদিও এরপরেই হাসির খোরাক হলো স্টার স্পোর্টস।
বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার বিভিন্ন চ্যানেলের পর্দায় ভেসে উঠল বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে হলে বাংলাদেশকে তুলতে হবে ৪২৯ রান। যা দেখে হাসি চাপতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

আজ ধরমশালায় বাংলাদেশের খেলা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্য়াচে শাকিব আল হাসানের দল জিতে গিয়েছে ৬ উইকেটে, ৯২ বল বাকি থাকতেই। বাংলাদেশের বোলারদের দাপটে আফগানিস্তানের ইনিংসে যখন যবনিকাপতন হয়, তার কয়েক মিনিট পরেই দিল্লিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচের টস।
দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার- কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম শতরান হাঁকিয়েছেন। বিশ্বকাপে এই প্রথম কোনও ইনিংসে তিনজন ব্যাটারই শতরান পেলেন। মার্করাম ৪৯ বলে শতরান পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন। রেকর্ড রান তুলেছে প্রোটিয়ারা।

এরপরই স্টার স্পোর্টসের চ্যানেলগুলিতে লেখা ভেসে ওঠে বাংলাদেশকে তুলতে হবে ৪২৯ রান। বেশ কয়েক মিনিট ধরে এমনটা দেখানোর পর সম্প্রচারকারী চ্যানেলের তরফে এই ভুল সংশোধন করা হয়। যদিও ততক্ষণে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে বিশ্বকাপকে সবচেয়ে বড় বিশ্বকাপ বলা হচ্ছে সেখানেই বালখিল্য ব্যাপারস্যাপার!
এমনিতেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ায় মুখ পুড়েছে বিসিসিআই ও আইসিসির। মাঠে লোক হচ্ছে না। টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সংবাদমাধ্যমকে ম্যাচ কভারের অনুমতি প্রদানের ক্ষেত্রেও ল্যাজেগোবরে দশা আইসিসি ও বিসিসিআইয়ের। যাচাই-ই করা হয়নি মিডিয়ার বিস্তারিত বিররণ। ভুল তথ্য দিয়ে মিলেছে ম্যাচ কভারের অনুমতি!
এরই মধ্যে সম্প্রচারের ক্ষেত্রেও একের পর এক ভুল। শ্রীলঙ্কার বদলে বাংলাদেশকে ৪২৯ রানের টার্গেট তাড়া করতে হবে বলে লেখায় হাসির ঝড় উঠেছে নেটপাড়ায়। তবে এখানেই প্রথম নয়। গতকাল পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ যাঁরা হটস্টারে দেখছিলেন তাঁদের মিনিট ১৫ স্কোরকার্ড, লোগো ছাড়াই খেলা দেখতে হয়।
যা নিয়ে বিরক্তি প্রকাশ করেন নেটাগরিকরা। জীবনে এই প্রথম বিশ্বকাপের ম্যাচের এমন নিম্নমানের সম্প্রচার বলে তোপ দাগতে ছাড়েননি তাঁরা। তারই মধ্যে কিনা শ্রীলঙ্কার হজম করা রান তুলতে হবে আজই আফগানদের হারানো বাংলাদেশকে! এ কেমন বিচার, আইসিসি, বিসিসিআই, স্টার স্পোর্টস বা হটস্টার?












Click it and Unblock the Notifications