ICC CWC 2023: শুভমানকে নিয়ে ইতিবাচক বার্তা রাহুল দ্রাবিড়ের, গিলের অনুপস্থিতিতে কাকে দিয়ে ওপেন করাবে ভারত?
ICC World Cup 2023: শুভমান গিল (Shubman Gill) ডেঙ্গি আক্রান্ত। রবিবার ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। অসুস্থতার কারণে গিল ওই ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে চলছে চর্চা।
এরই মধ্যে ইতিবাচক বার্তা দিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি আজ চেন্নাইয়ে জানান, শুভমান আগের চেয়ে ভালো বোধ করছেন। ফলে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে ছিটকে যাননি।

শুভমান গিল গুয়াহাটি থেকেই জ্বরে ভুগছেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে যায়। সেখানে থাকাকালীনই গিল জ্বরের কথা জানান দলের চিকিৎসক রিজওয়ান খানকে। তিরুবনন্তপুরমে গিয়ে গিলের বিভিন্ন টেস্ট করা হয়। ৩ অক্টোবর সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল।
দুটি ম্যাচেই গিলের খেলার কথা থাকলেও বৃষ্টিতে ম্যাচগুলি ধুয়ে যায়। বুধবার চেন্নাই পৌঁছয় ভারতীয় দল। চেন্নাইয়ে গিলের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলে। তার রিপোর্টেই নিশ্চিত হওয়া যায় গিলের ডেঙ্গিই হয়েছে। ডেঙ্গিতে কিডনি আক্রান্ত হতে পারে। ফলে কিডনির পরীক্ষা করানো হতে পারে। তবে ডেঙ্গি হলে যে দুর্বলতা বা অস্বস্তি থাকে তা গিলের ক্ষেত্রে নেই।

আজ সকালে ভারতীয় দলের তরফে ক্রিকবাজকে জানানো হয়েছিল, গিলের শরীর ভালো নেই। মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রাখছে। গিলের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। বৃহস্পতিবার গিল দলের অনুশীলনে ছিলেন না। পরে জানা গিয়েছে তার আসল কারণ। যদিও এখনও শুভমান প্রথম ম্যাচ থেকে ছিটকে যাননি, দাবি দ্রাবিড়ের।
ভারতীয় দলের হেড কোচ বলেন, শুভমান আগের চেয়ে ভালো বোধ করছেন। এমনকী গতকালের চেয়েও পরিস্থিতির উন্নতি হয়েছে। এখনও ৩৬ ঘণ্টা বাকি। মেডিক্যাল টিম সজাগ রয়েছে। ম্যাচের দিন শুভমান কেমন থাকেন তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে এখনও তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের ভাবনা থেকে ছিটকে যাননি।
শুভমান চলতি বছর ওডিআইয়ে ১২৩০ রান করেছেন। তিন ফরম্যাটেই দারুণ ছন্দে রয়েছেন। বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হওয়ার লড়াইয়ে বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাসও ফেলছেন। হতেই পারে, শুভমানকে নিয়ে কৌশলগত কারণেই অস্ট্রেলিয়া ম্যাচের আগে ধোঁয়াশা বজায় রাখছেন দ্রাবিড়।
তবে শুভমান না খেলতে পারেন ঈশান কিষাণই ওপেন করতে রোহিত শর্মার সঙ্গে নামতে পারেন বলে সূত্রের খবর। তিনি মুম্বই ইন্ডিয়ান্সেও রোহিতের সঙ্গে ওপেন করেন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখেই রোহিত-ঈশানকে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে মিডল অর্ডারে নামবেন রাহুল।
গতকাল দলের অনুশীলনে অনেকক্ষণ ব্যাট করেছেন ঈশান। আগ্রাসী শট খেলতেও দেখা গিয়েছে। ভারত চিপকে তিন স্পিনারে নামতে পারে। সেক্ষেত্রে বাইরে থাকবেন শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন একাদশে থাকবেন বলে খবর। অশ্বিন আটে ব্যাট করলে ভারতের ব্যাটিং গভীরতাও বাড়বে।












Click it and Unblock the Notifications