ICC CWC 2023: অবসরের ইঙ্গিত মালানের, ইডেনে শেষবার নামছেন ইংল্যান্ডের একঝাঁক তারকা! আসছে বড় রদবদল
ICC World Cup 2023: ইডেনে পাকিস্তান ম্যাচ শেষ হলেই ইংল্যান্ড হারাবে বিরাট তকমা। ৫০ ওভার ও টি ২০ বিশ্বকাপ একসঙ্গে দখলে রাখার গৌরবজনক অধ্যায়ের পরিসমাপ্তি আসন্ন। কাল ইডেন ম্যাচ ইংল্যান্ডের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়।
তবে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রিকেটপ্রেমীদের কাছে। কেন না, ডেভিড মালান-সহ একঝাঁক ক্রিকেটার কালই দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলতে পারেন। কেন না, বিশ্বকাপের পরই আসছে বিরাট রদবদল।

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনালে পরাস্ত হয়েছিল ইংল্যান্ড। কাছাকাছি গিয়েও ব্রাথওয়েট-ঝড়ে ওলট-পালট হয়ে যায় সব কিছু। সেই দলের জো রুট, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, ডেভিড উইলি ও আদিল রশিদ কালও ইডেনে থাকবেন।
বিগত ৬ সপ্তাহ ধরে ইংল্যান্ড সমর্থকদের হতাশ করলেও দেশের জয়ধ্বজা যে তারকারা এই কয়েক বছর ধরে ওড়াচ্ছিলেন, তাঁদের কয়েকজনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার বা ওডিআই কেরিয়ার থামবে আগামীকাল। ডেভিড মালান যেমন আজ ইডেনে সাংবাদিকদের জানিয়ে দিলেন, পরের ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪০। ফলে তিনি নিজেকে সেই বিশ্বকাপে দেখছেন না।
ইংল্যান্ডের টি ২০ দলেরও বড় তারকা তিনি। তবে সেই দলেও আর জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ৫০ ওভারের বিশ্বকাপ খেতাব ধরে রাখতে পারল না ইংল্যান্ড। সামনের বছরই টি ২০ বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে। ভারতে এসেছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি, জাতীয় নির্বাচক লুক রাইট।
অধিনায়ক জস বাটলার ও হেড কোচ ম্যাথু মটের সঙ্গে তাঁরা ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নিয়ে আলোচনা করেছেন। বিশ্বকাপের পর ইংল্যান্ডের ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক দলে বড় ঝাঁকুনি অপেক্ষা করে রয়েছে। দলের গভীরতা যাচাই করতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা আগেই ঘোষণা করেছেন ডেভিড উইলি। মালান ওডিআই খেলবেন না। এমনকী টি ২০-তেও থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নির্বাচকদের উপরই ছাড়ছেন। মঈন আলিও বেছে নিতে পারেন শুধু টি ২০ আন্তর্জাতিককেই। মালান জানিয়েছেন, কালকের পর থেকে তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনাও হতে পারে। ফলে বিদায়েরই বার্তা!
ইসিবির সঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বর অবধি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেখে নেওয়া হতে পারে। তাঁদের সুযোগ মিলবে টি ২০ বিশ্বকাপেও। ক্রমান্বয়ে তাঁরাই জায়গা করে নেবেন ৫০ ওভারের দলে। জনি বেয়ারস্টো ও জো রুট ২০২৭ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও দুজনেই হতাশ করেছেন এবারের বিশ্বকাপে।
ক্রিস ওকসও জানিয়েছেন, এবারের বিশ্বকাপের পর আর তিনি ওডিআই খেলবেন, এমন ভাবনা তাঁকে অবাক করে। ফলে একঝাঁক ক্রিকেটার এবারের বিশ্বকাপের শেষেই ওডিআই ফরম্যাট বা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। মার্ক উডের চুক্তি রয়েছে তিন বছরের। তিনিও টেস্ট ও টি ২০-তেই মনোনিবেশ করবেন।
মালান আজ জানিয়েছেন, ইংল্যান্ড অন্তত সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এসেছিল। পাকিস্তান ম্যাচে নামার আগে সেই লক্ষ্য অধরা থেকে যাওয়া হতাশারই। শেষ পাঁচটি আইসিসি ইভেন্ট ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। তিনটি টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার মধ্যে দুটিতে খেতাব জিতেছে।
ইংল্যান্ড ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিষয়টিও নিশ্চিত করে ফেলেছে। এই আবহে দলের পোড়খাওয়া যোদ্ধাদের বিদায় মুহূর্ত জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চাইবে থ্রি লায়ন্স। নিয়মরক্ষার ম্যাচে তাই স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকার অপেক্ষায় ইডেন গার্ডেন্স।












Click it and Unblock the Notifications