ICC World Cup 2023: ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া, বাবরকে নিয়ে জল্পনা
ICC World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। আজ হায়দরাবাদে হাই স্কোরিং ম্যাচে প্যাট কামিন্সরা জিতলেন ১৪ রানে।
৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অজিদের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তবে এদিনের জয় নিশ্চিতভাবেই স্বস্তি দিল ক্যাঙারু বাহিনীকে।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৫১ রান তুলেছিল। চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে গ্লেন ম্যাক্সওয়েল ৭১ বলে ৭৭ রান করেন। ৪০ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ডেভিড ওয়ার্নার ৪৮, মিচেল মার্শ ৩১, স্টিভ স্মিথ ২৭, মার্নাস লাবুশেন ৪০, অ্যালেক্স ক্যারি ১১, জশ ইনগ্লিস ৪৮ রান করেন।
উসামা মীর ২টি এবং হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম, শাদাব খান ও মহম্মদ নওয়াজ ১টি করে উইকেট নেন। টসের সময় আজকের ম্যাচের অধিনায়ক শাদাব বলেছিলেন, বাবর ব্যাটিং করবেন না। যদিও পরে বাবরকে নামতে হয়। তিনি শতরান হাঁকানোর সুযোগ পেয়েছিলেন। ছয়ে নেমে ৫৯ বলে ৯০ রান করার পর আর ব্যাটিং করেননি।

বাবরের নামের পাশে লেখা রিটায়ার্ড হার্ট। তবে কেন তিনি সেঞ্চুরি করলেন না তা নিয়ে জল্পনা চলছে। পাকিস্তান ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ জয়ের কাছাকাছিই পৌঁছে গিয়েছিল তারা। প্রথম প্রস্তুতি ম্যাচে শতরানকারী মহম্মদ রিজওয়ানও আজ খেলেননি। মহম্মদ নওয়াজ ৫০ রান করেন। ইফতিখার আহমেদর করেন ৮৩।
মার্নাস লাবুশেন তিনটি উইকেট নেন। মিচেল মার্শ ও প্যাট কামিন্স ২টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ও শন অ্যাবট ১টি করে উইকেট নেন। ২ ওভার বল করে ৪১ রান দেন ডেভিড ওয়ার্নার। শাদাব বলেন, এই ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলা আত্মবিশ্বাস বাড়ায়।
বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ পাকিস্তান খেলবে হায়দরাবাদে। এখানে দুটি প্রস্তুতি ম্য়াচ খেলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বাবরের দল। হায়দরাবাদের বিরিয়ানির প্রসঙ্গে শাদাব মজা করে বলেন, আমরা রোজই বিরিয়ানি খাচ্ছি। তা হয়তো আমাদের কিছুটা মন্থর করে দিচ্ছে।
ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কামিন্স। অজি অধিনায়কের কথায়, মার্শ ভালো বল করছেন। একই কথা প্রযোজ্য স্টার্ক ও ম্যাক্সওয়েলের ক্ষেত্রে। মিডল অর্ডারে সকলেই অবদান রাখছেন। গ্রিন ও ইনগ্লিসও পরের দিকে নেমে দারুণ খেলেছেন। চেন্নাইয়ে কয়েকটি সেশন অনুশীলনেই ভারত-বধের ছক খুঁজবে অজিরা।












Click it and Unblock the Notifications