ICC World Cup 2023: তিরাশির বিশ্বজয়ীদের নিয়েই অভিনব উদ্যোগ আদানি গোষ্ঠীর, রোহিতদের দেওয়া হবে বিরাট স্মারক
ICC World Cup 2023: অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের সূচি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মুম্বইয়ের এক হোটেলে প্রকাশ করবে আইসিসি। কাল আবার ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তি।
আদানি গ্রুপের তরফে আজ আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। যাঁদের মধ্যে অন্যতম বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি।

কপিল দেবের নেতৃত্বাধীন তিরাশির বিশ্বকাপজয়ী সদস্যদের সংবর্ধিত করার ফাঁকেই নতুন প্রচার কর্মসূচির সূচনা করল আদানি গোষ্ঠী। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। 'জিতেঙ্গে হম' (Jeetenge Hum) শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে শুভেচ্ছাবার্তা দেওয়া যাবে ভারতীয় দলকে।
১৯৮৩ ও ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে মেন ইন ব্লু যাতে কাপ জিততে পারে সেজন্য গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা একজোট হয়ে হয়ে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা দিতে পারবেন সোশ্যাল মিডিয়ায়। টুইটার, ইনস্টাগ্রামে ব্যবহার করতে হবে #JeetengeHum হ্যাশট্যাগ।
গৌতম আদানি বলেন, ক্রিকেটের সঙ্গে দেশবাসীর প্রচুর আবেগ জড়িয়ে। কিংবদন্তি হয়ে কেউ জন্মান না, অধ্যবসায় ও সহনশীলতার মাধ্যমেই কিংবদন্তি হয়ে ওঠা সম্ভব। এর জন্যই ১৯৮৩ সালে আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম। ভারতীয় দলকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য কিংবদন্তিদের সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে আসার আহ্বান জানান আদানি।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, এই কর্মসূচিকে ঘিরে যে অদম্য উৎসাহ ও উত্তেজনা দেখছি তার সঙ্গে তিরাশির বিশ্বকাপ জয়ের সময়কার মিল খুঁজে পাচ্ছি। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে সকলকে সম্মিলিতভাবে নিজেদের সেরাটা মেলে ধরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।
বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি বলেন, প্রত্যয় ও দলগত সংহতিতে ভর করেই তিরাশির বিশ্বকাপ জয় সম্ভব হয়েছিল। বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারা এক অসাধারণ সফর। আমাদের বর্তমান দল ফের বিশ্বকাপ জিততে সক্ষম, সেই বিশ্বাস আমাদের রয়েছে। ক্রিকেটপ্রেমীদের একত্রিত হয়ে দলকে উৎসাহিত করতে হবে, যাতে ইতিহাস গড়া সম্ভব হয়।

তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সই করা একটি বিশেষ গৌতম আদানির হাতে তুলে দেন কপিল দেব। ভারত বিশ্বকাপ অভিযান শুরুর আগে গোটা দলকে উৎসাহিত করতে এই ব্যাটটি টিম ইন্ডিয়ার সদস্যদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। ডিজিটাল উইশিং ওয়ালেরও উন্মোচন করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে ভারতীয় দলকে শুভেচ্ছা জানানো যাবে।












Click it and Unblock the Notifications