ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা সেমিফাইনালে!
অ্যাডিলেড, ১৬ মার্চ : গতকাল বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিসবা উল হকের পাকিস্তান। পরপর ৪ টি ম্যাচ জিতে একইসঙ্গে চুপ করিয়ে দিয়েছে সব সমালোচকদের যাঁরা প্রথম দুটি ম্যাচ (প্রথমটা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে) হারার পর আফ্রিদিদের দাঁত-নখ বের করে সমালোচনা করেছিলেন।

তবে ফের একবার সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হতে পারে পাকিস্তান। কীভাবে?
পুল বি-তে তিন নম্বরে থেকে গ্রুপ লিগের খেলা শেষ করেছেন মিসবারা। ফলে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মিসবারা। ২০১১ সালেও সেমিফাইনালে ভারত-পাকিস্তানের খেলা হয়েছিল এবং সেই ম্যাচের বিজয়ী ভারত ২৮ বছর পর ফের আইসিসি বিশ্বকাপ জেতে।
অন্যদিকে গ্রুপ লিগে ৬ টির মধ্যে সবকটি ম্যাচ জিতে ভারত আগামী বুধবার মেলবোর্নের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে। ভারতের এখনকার ফর্ম অনুযায়ী আশা করা যায় ধোনিবাহিনী সেমিফাইনালে উঠবে। ফলে পাকিস্তান যদি অস্ট্রেলিয়াকে বধ করতে পারে তাহলেই ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে পাবে ক্রিকেট দুনিয়া। কারণ আইসিসি নিয়ম অনুযায়ী ঠিক ছিল, দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে দ্বিতীয় ও চতুর্থ সেমিফাইনালিস্টদের মধ্যে। তবে খেলার জায়গায় শেষ মুহূর্তে কিছু রদবদল হওয়ায় যা দাঁড়িয়েছে তা হল, দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে। যার ফলে সেমিফাইনালের নক-আউট ম্যাচে ভারতের মুখোমুখি হতে পারে পাকিস্তান।
এবারে বিশ্বকাপের গ্রুপ লিগের খেলায় ভারত ৭৬ রানে পাকিস্তানকে হারিয়েছে। তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে এখন পর্যন্ত কোনও ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।












Click it and Unblock the Notifications