ICC Test Rankings: টেস্ট বোলারদের সিংহাসনে রাবাডা, ধাক্কা বুমরাহ-অশ্বিনের! ভারতের মানরক্ষা যশস্বীতে
ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বর জায়গাটি হাতছাড়া হলো জসপ্রীত বুমরাহর। দখল করলেন কাগিসো রাবাডা।
ভারত-নিউজিল্যান্ড, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের টেস্টের ফলাফলের প্রভাব পড়ল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে।

জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও জশ হ্যাজলউডকে পিছনে ফেলে টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার হলেন রাবাডা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেন। প্রথম ইনিংসে তিনটি উইকেট দখলের পথে টেস্টে দ্রুততম তিনশো উইকেটশিকারী হন রাবাডা।
এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। যার ফলে ২০১৪ সালের পর এই প্রথম এশিয়ায় টেস্ট জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। রাবাডা এর ফলে তিন ধাপ উঠে এসে শীর্ষস্থানের দখল নিলেন। দুই ধাপ নেমে তিনে চলে গেলেন বুমরাহ। তাও আইপিএল রিটেনশন ডেডলাইনের আগের দিন।
হ্যাজলউড এক ধাপ উঠে এলেন দুইয়ে। বুমরাহর মতো অশ্বিনও দুই ধাপ নেমে চারে চলে গিয়েছেন। পুণে টেস্টে অশ্বিন চেনা ছন্দে ছিলেন না। এক ধাপ নেমে পাঁচে রয়েছেন প্যাট কামিন্স। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ৯ ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়লেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে ২ উইকেট দখল করেন। বর্তমানে তিনি বিশ্বের ৯ নম্বর টেস্ট বোলার। কুলদীপ যাদব ২ ধাপ নেমে আছেন ১৭ নম্বরে।
এই প্রথম আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার প্রথম দশে চলে এলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও পাকিস্তানের সাউদ শাকিল। ২০ ধাপ উঠে সাতে রয়েছেন সাকিল। ৮ ধাপ উঠে দশে রাচিন রবীন্দ্র। টেস্টে ব্যাটারদের তালিকার শীর্ষে ইংল্যান্ডের জো রুট।
ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ১ ধাপ উঠে তিনে রয়েছেন। কেন উইলিয়ামসন আছেন দুইয়ে। ১ ধাপ উঠে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা রয়েছেন ছয়ে। চারে ইংল্যান্ডের হ্যারি ব্রুক, পাঁচে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ছয়ে মার্নাস লাবুশেন।
পাঁচ ধাপ নেমে ঋষভ পন্থ রয়েছেন এগারো নম্বরে। বিরাট কোহলি ছয় ধাপ নেমে গিয়েছেন। কোহলির বর্তমান অবস্থান ১৪ নম্বরে। এক ধাপ নেমে ২০-তে শুভমান গিল। ৯ ধাপ নেমে ২৪-এ চলে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
টেস্ট অলরাউন্ডারদের তালিকার প্রথম দুইয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই ধাপ উঠে তিনে বাংলাদেশের মেহিদি হাসান মিরাজ। সাতে রয়েছেন অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications