ICC Test Rankings: কেপ টাউনে জয়ের পরই বজ্রপাত! রোহিতের ভারতের গৌরবে কীভাবে বিরাট ধাক্কা?
ICC Test Rankings: কেপ টাউনে ভারত দেড় দিনেই টেস্টে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডসে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিজ ১-১ রাখতে সক্ষম হয়েছেন রোহিত শর্মারা।
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতকে সিরিজ হেরে ফিরতে হচ্ছে না। এই বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রবল দুঃসংবাদ ভারতীয় শিবিরে। আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই ভারতের এক নম্বর দল হিসেবে থাকার ক্ষেত্রে পড়ল যতিচিহ্ন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেতাব জেতার পর অস্ট্রেলিয়া স্বল্প সময়ের জন্য বিশ্বের ১ নম্বর টেস্ট দল হয়েছিল। যদিও ভারতের কাছেই তারা সেই মর্যাদা খুইয়েছিল। ভারত চলে গিয়েছিল টেস্টে দলগত র্যাঙ্কিংয়ের শীর্ষে। গত সেপ্টেম্বরে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই ১ নম্বর দল হওয়া নিশ্চিত করে ফেলে।
বর্তমান তালিকা প্রকাশের আগে অবধি ভারত ও অস্ট্রেলিয়ার রেটিং ছিল ১১৮। কিন্তু পয়েন্টে এগিয়ে ছিল ভারত। বর্তমানে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। রীতিমতো দাপট দেখিয়ে। প্রথম দুটি টেস্টে জেতার পর তৃতীয় টেস্টেও জয়ের দিকেই এগিয়ে চলেছে অজিরা।
ফলে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে না পারায় টেস্টে ১ নম্বর দলের মর্যাদা হারাতে হলো ভারতকে। প্রোটিয়াদের দেশে সিরিজ ১-১ হওয়ার ফলে ১ রেটিং পয়েন্ট কমে গিয়েছে ভারতের। সে কারণেই ফের বিশ্বের ১ নম্বর টেস্ট দল হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারত চলে গেল দুইয়ে।
২০২৩ সালে অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও বিশ্বকাপ জিতেছে। ২০২৪ সালের প্রথম সপ্তাহেই অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর টেস্ট দলও হলো। সিডনি টেস্টেও অস্ট্রেলিয়া জেতার দোরগোড়ায়। পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আজ শেষ হয়েছিল ২৯৯ রানে।
যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ২৬ ওভারে ৭ উইকেটে ৬৮, লিড ৮২ রানের। জশ হ্যাজলউড ২টি মেডেন-সহ ৫ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ ও ট্রাভিস হেড ১টি করে উইকেট নিয়েছেন।
এই টেস্ট জিতলে পয়েন্টের নিরিখে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ব্যবধান বাড়াবে অস্ট্রেলিয়া। তবে চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ দেশের মাটিতে খেলবে ভারত। তখন ফের বিশ্বের ১ নম্বর টেস্ট হওয়ার সুযোগ থাকবে রোহিত শর্মাদের সামনে। ওডিআইয়ে ভারত রয়েছে শীর্ষে, দুইয়ে অজিরা। ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১২১, অস্ট্রেলিয়ার ১১৭। টি২০ আন্তর্জাতিকে ভারতের রেটিং ২৬৫, ইংল্যান্ডের ২৫৬।












Click it and Unblock the Notifications