ICC ODI World Cup 2023: বিশ্বকাপের আগে দলে বাড়ছে চোটের সংখ্যা, সমস্যা নিয়ে কী বলছেন হেড কোচ দ্রাবিড়?
বিশ্বকাপের আগে ভারতীয় দলের সমস্যার নাম চোট। শুক্রবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর।তার ফলে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা অল রাউন্ডার। বিশ্বকাপের আগে চোটের উদ্বেগ ক্রমশ বাড়ছে ভারতীয় শিবিরে। শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ালেন অক্ষর প্যাটেল।
দলের ক্রিকেটারদের চোটের সমস্যা নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের হেডস্যার মানছেন বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোট কিছুটা হলেও সমস্যা করতে পারে। বিশ্বকাপের আগে বিশ্বের নানা প্রান্তে চলতে থাকা আন্তর্জাতিক ক্রিকেটে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড শিবিরেও তাই দুশ্চিন্তা বাড়ছে।

এশিয়া কাপের ফাইনািল ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে চোট প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, 'প্রতিটি দলই একই অবস্থায় রয়েছে।আপনি যদি দেখেন চোট আঘাতের সমম্যা কম বেশি সব দলেরই আছে। বিশ্বকাপের আগে এই চোট আঘাতের সমস্যার অনেক সময়ই বড় মূল্য দিতে হয়।'
একইসঙ্গে দ্রাবিড় আশা প্রকাশ করেছেন, 'আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, কোনও ক্রিকেটারের একটু বিশ্রামের প্রয়োজন আবার কারোর একটু ক্রিকেট খেলার প্রয়োজন। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি।'
ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। তবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। কোনও ক্রিকেটার একান্তই চোটের কারণে ছিটকে গেলে তার পরিবর্ত নেওয়ার সুযোগ আছে।

পাকিস্তানের পেসার নাসিম শাহ ডান কাঁধে চোট পান সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। যার জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। দুবাইয়ে স্ক্যানে দেখা গিয়েছে চোট গুরুতর। যার ফলে বিশ্বকাপ তো বটেই, চলতি বছরই তিনি খেলতে পারবেন না।
শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জেরাল্ড কোয়েটজির বলে আঘাতে পান ট্র্য়াভিস হেড। সেই সময়ে তাঁকে অবসর নিতে হয়েছিল।দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। কিন্তু অজি তারকাও বিশ্বকাপে খেলতে পারবেন না।












Click it and Unblock the Notifications