ICC World Cup 2023: রোহিত বিশ্বরেকর্ড ভাঙায় অভিনন্দন গেইলের, ছক্কার নজিরে জার্সি নম্বরের ম্যাজিক?
ICC World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের মালিক এখন রোহিত শর্মা। গতকালই দিল্লিতে তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের বিশ্বরেকর্ড।
রোহিতকে এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানালেন ইউনিভার্স বস। সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ডের মালিক বদলাল, বদলাল দেশ বা জার্সির রং। কিন্তু জার্সি নম্বর একই রইল। রোহিত ও গেইল- দুজনেরই জার্সি নম্বর ৪৫।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা এখনও অবধি ৫৫৬টি ছয় মেরেছেন। যার মধ্যে টেস্টে ৭৭টি, একদিনের আন্তর্জাতিকে ২৯৭টি এবং টি ২০ আন্তর্জাতিকে ১৮২টি। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ডটি হিটম্যানের দখলে। ক্রিস গেইলের চেয়ে কম ম্যাচ ও কম ইনিংস খেলেই নয়া বিশ্বরেকর্ডের মালিক হলেন রোহিত।
রোহিত ৫৫৬ ছক্কা মারলেন ৪৫৩টি ম্যাচের ৪৭৩তম ইনিংসে। ক্রিস গেইল ৪৮৩টি আন্তর্জাতিক ম্যাচের ৫৫১ ইনিংস মিলিয়ে ৫৫৩টি ছয় মেরেছিলেন। যে বিশ্বরেকর্ড চুরমার হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। গেইল টেস্টে ৯৮টি, একদিনের আন্তর্জাতিকে ৩৩১টি ও টেস্টে ১২৪টি ছয় মেরেছেন।

রোহিতের সঙ্গে নিজের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে গেইল লেখেন, রোহিতকে অভিনন্দন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ার জন্য। ৪৫ সংখ্যাটা স্পেশ্যাল! যার প্রত্যুত্তরে রোহিত লিখেছেন, ধন্যবাদ সিজি! আমাদের পিঠে ৪ ও ৫ নম্বর লেখা থাকলেও আমাদের দুজনেরই পছন্দের সংখ্যা ৬।
Thanks CG 🤙
— Rohit Sharma (@ImRo45) October 12, 2023
4&5 on the back but our favorite number is 6 😄
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৯৮টি ম্যাচে ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছয় মেরেছেন। তাঁর পরেই রয়েছেন ক্রিস গেইল ও রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে রোহিতের পক্ষে গেইলের ৩৩১টি ছক্কা মারার রেকর্ড স্পর্শ করা কঠিন, তবে অসম্ভব নয়। বিশ্বকাপের পর হিটম্যান ওডিআই খেলবেন কিনা সেটাও দেখার। ফলে রোহিতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে আফ্রিদির রেকর্ড অক্ষত থাকার বিষয়টি।
আফগানিস্তান ম্যাচের আগে রোহিতের ছয়ের সংখ্যা ছিল ৫৫১। ৩১ নম্বর বলে নবীন উল হককে পুল করে ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ডের মালিক হন রোহিত। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ইউনিভার্স বস ইউনিভার্স বস-ই। তাঁর বই থেকে আমি একটি পাতা নিলাম।
On the mic with 𝗛𝗜𝗧𝗠𝗔𝗡 😎
— BCCI (@BCCI) October 12, 2023
Captain Rohit Sharma went past quite a few records but he had one special message for the Universe Boss - @henrygayle! 👌👌 - By @28anand#CWC23 | #TeamIndia | #INDvAFG | #MeninBlue
Watch the Full Video 🎥🔽https://t.co/m80oJeyHkK
রোহিত বলেন, বছরের পর বছর ধরে তাঁকে দেখেছি, ছক্কা মারার মেশিনের মতো যে কোনও জায়গায় তিনি ছয় মারতে পারদর্শী। তাছাড়া আমরা দুজনেই ৪৫ নম্বর জার্সি পরি। ফলে ৪৫ নম্বর জার্সি পরিহিত একজন তাঁর রেকর্ড ভাঙায় নিশ্চিতভাবেই তিনি খুশি হবেন। এর কিছুক্ষণের মধ্যেই আসে গেইলের অভিনন্দন-বার্তা।
ছক্কার বিশ্বরেকর্ড কঠোর পরিশ্রমের সুফল বলেই চিহ্নিত করেছেন রোহিত। তাঁর কথায়, আমি যখন খেলা শুরু করি তখন ভাবিনি এত ছক্কা মারতে পারব। তবে আমি কোনও কিছুতেই তৃপ্ত হই না। যা করছি, তা অব্যাহত রাখাই লক্ষ্য। ফোকাস নড়তে দিই না। বিশ্বকাপেও দূরের কথা না ভেবে ম্যাচ ধরে ধরে এগোতে চান হিটম্যান।












Click it and Unblock the Notifications