ICC CWC 2023: বুমরাহর বুট চুরি করার পরামর্শ দিলেন আক্রম! শামির সঙ্গে জুটি উপভোগ করছেন ভারতের ১ নম্বর পেসার
ICC CWC 2023: চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় পেসারদের মধ্যে এক নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি ৬ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তালিকার শীর্ষে রয়েছেন অ্যাডাম জাম্পা, অস্ট্রেলীয় স্পিনারের ঝুলিতে ১৬ উইকেট।
বুমরাহ আপাতত বিশ্বকাপে যুগ্ম দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারেরও রয়েছে ১৪ উইকেট। ভারত-সহ এশিয়ার দেশগুলিতে স্পিনাররা সাফল্য পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু তারই মধ্যে বুমরাহ হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।

লখনউয়ে গতকাল পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে বুমরাহ যে ধাক্কা দিয়েছিলেন তা আর কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ডরা। বিশ্বচ্যাম্পিয়নরা ব্যাটিং ব্যর্থতার কারণে ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। জসপ্রীত বুমরাহ এবারের বিশ্বকাপে মোট ৫৩.৫ ওভার বল করেছেন, যার মধ্যে মেডেন ৪টি, ২১১ রান দিয়ে ১৪ উইকেট নেন। গড় ১৫.০৭, ইকনমি ৩.৯১।
নতুন বলে হোক, কিংবা ডেথ ওভার, এমনকী মাঝের ওভারেও পার্টনারশিপ ভাঙতে রোহিত যখনই বল তুলে দিয়েছেন বুমরাহর হাতে, আতঙ্ক বেড়েছে তাবড় ব্যাটারদের। অস্ট্রেলিয়া ম্যাচে ৩৫ রানে ২টি, আফগানিস্তানের বিরুদ্ধে ৩৯ রানে ৪টি, পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানে ২টি, বাংলাদেশ ম্যাচে ৪১ রানে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ রানে ১ উইকেট নেন।
গতকালের ম্যাচে ৩২ রান খরচ করে তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন বুমরাহ। তিনি স্কাই স্পোর্টসে বলেন, প্রথমে ব্যাট করা আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। একটা সময় চাপ তৈরি হয়েছিল দ্রুত কয়েকটি উইকেট হারানোয়। তবে তারপরও সকলে যেভাবে নিজেদের মেলে ধরেছেন তাতে এই জয়ে ভালোই লাগছে।
বুমরাহ সাফল্যের রহস্য জানাতে গিয়ে বলেন, নতুন বলে প্রথমেই লক্ষ্য থাকে স্যুইং আদায় করার। স্যুইং না হলে হার্ড লেংথে বল ফেলে ব্যাটারদের কাজ কঠিন করার পরিকল্পনা থাকে। আমি যে প্রান্ত থেকে ইংল্যান্ড ম্যাচে বোলিং শুরু করেছি তাতে খুব বেশি স্যুইং আদায় হচ্ছিল না। সে কারণে সিম বোলিংয়ে জোর দিই।

মহম্মদ শামি অনবদ্য বোলিং করছেন বলে উল্লেখ করে বুমরাহ বলেন, শামি অন্যতম কিংবদন্তি। শান্ত থাকেন মাঠে। যেভাবে তিনি বোলিং করছিলেন তাতে মনে হচ্ছিল টেস্ট ম্যাচে বল করছেন। যা দেখে ভালো লাগছিল। টেস্টে আমরা অনেকবার একসঙ্গে বল করেছি। তাঁর সঙ্গে বোলিং উপভোগ করছি। শামি যেভাবে খেলছেন তাতে তাঁর জন্যও ভালো লাগছে।
পিঠের চোট সারিয়ে মাঠে ফিরে যেভাবে পারফর্ম করছেন তাতে নিজেকে নিয়ে সন্তুষ্ট বুমরাহ। তিনি বলেন, আমার স্ত্রী স্পোর্টস-মিডিয়া ডিপার্টমেন্টে রয়েছেন। আমার কেরিয়ার নিয়ে অনেক কথা শুনেছিলাম। আমি বোধ হয় আর মাঠেই ফিরতে পারব না ইত্যাদি গোছের। কিন্তু এগুলোকে গুরুত্ব দিই না। আমি ফিরে এসেছি, ক্রিকেট খেলতে কতটা ভালোবাসি সেটা আরও উপলব্ধি করছি। কোনও লক্ষ্যকে তাড়া করছি না।
জসপ্রীত বুমরাহকে এই মুহূর্তে বিশ্বের বাকি পেসারদের চেয়ে এগিয়ে রাখছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে বলেছেন, আমার চেয়েও নতুন বলে বুমরাহর অনেক বেশি নিয়ন্ত্রণ। তাঁর বলের গতি, স্যুইং, বৈচিত্র্য রয়েছে। সিম পজিশনে ঠকাচ্ছেন ব্যাটারদের।
আক্রম বলেন, ইনস্যুইং, আউটস্যুইং মিশিয়ে অনবদ্য বোলিং করছেন বুমরাহ। সিম পজিশন এমন থাকছে যাতে যে কোন বলটা ভিতরে আসবে, কোনটা বাইরে যাবে তা বুঝে উঠতে পারছেন না ব্যাটাররা। বুমরাহকে রোখার একটাই অস্ত্র শুধু রয়েছে। তা হয়েছে তাঁর জুতো চুরি করা। যাতে তিনি বল করতে না পারেন!












Click it and Unblock the Notifications