হ্যারি ব্রুক ভাঙলেন কাম্বলির রেকর্ড, ছুঁলেন ব্র্যাডম্যানকে! আইপিএলে কোন দলে ইংল্যান্ডের এই ব্যাটার?
হ্যারি ব্রুক কেরিয়ারের ষষ্ঠ টেস্টে চারটি শতরান হাঁকিয়ে স্পর্শ করলেন ডন ব্র্যাডম্যানের কীর্তি। ভেঙে দিলেন বিনোদ কাম্বলির রেকর্ডও।
হ্যারি ব্রুক ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিস্ফোরক শতরান হাঁকালেন। এগিয়ে চলেছেন কেরিয়ারের প্রথম দ্বিশতরানের দিকে। এটি তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট। ইতিমধ্যেই ব্রুকের নামের পাশে ৯ ইনিংসে চারটি শতরান ও তিনটি অর্ধশতরান। এদিনের ইনিংস খেলার ফাঁকে ব্রুক ভেঙে দিলেন বিনোদ কাম্বলির রেকর্ড। ছুঁলেন ডন ব্র্যাডম্যানের কীর্তি।

বিধ্বংসী মেজাজে দ্বিশতরানের দিকে ব্রুক
ওয়েলিংটন টেস্টে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে ২১ রানে ৩ উইকেট ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে আজ ৬৫ ওভারের বেশি খেলা হয়নি। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩১৫। ১৮২ বলে ১০১ রানে ব্যাট করছেন জো রুট। কেরিয়ারের ২৯তম টেস্ট শতরান হাঁকিয়ে রুট ধরে ফেললেন ডন ব্র্যাডম্যানকে। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার ২৮টি টেস্ট শতরানের নজির টপকে গেলেন। ১৬৯ বলে ১৮৪ রানে অপরাজিত রয়েছেন পাঁচে নামা ব্রুক। ২৪টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে অপরাজিত ছিলেন ৫১ রানে। ৫১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শতরান পূর্ণ করেন ১০৭ বলে। ১৪৫ বলে ১৫০ রানে পৌঁছন। এখনও অবধি তাঁর এই ইনিংসের স্ট্রাইক রেট ১০৮.৮৭।

বিনোদ কাম্বলির রেকর্ড ভাঙল
কেরিয়ারের সেরা টেস্ট ইনিংস খেলায় আপাতত ৯টি ইনিংসে তাঁর মোট রান ৮০৭। ৯টি টেস্ট ইনিংসে তাঁর রানই সর্বাধিক। ভেঙে দিলেন বিনোদ কাম্বলির ৭৯৮ রানের রেকর্ড। এই প্রথম কেরিয়ারের প্রথম ৯টি টেস্ট ইনিংসে কেউ ৮০০ রান করলেন। কাম্বলির ৭৯৮ ছাড়া ৭৮০ রান করেছিলেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ, সুনীল গাভাসকরের ছিল ৭৭৮ রান। এভার্টন উইকস ৭৭৭, জর্ড হেডলি ৭০৩ ও ফ্রাঙ্ক ওরেল ৬৯৫ রান করেছিলেন কেরিয়ারের প্রথম ৯ টেস্ট ইনিংসে।

স্পর্শ ব্র্যাডম্যানের কীর্তি
কেরিয়ারের প্রথম ৬টি টেস্টে চারটি শতরান করে তিনি ছুঁয়ে ফেললেন ডন ব্র্যাডম্যানের কীর্তি। ব্র্যাডম্যানও চারটি শতরান করেছিলেন প্রথম ৬ টেস্টে। এখনও অবধি ব্রুকের টেস্টে ব্যাটিং গড় ১০০.৮৭। স্ট্রাইক রেট ৯৯.৩৮। এর আগে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ১১৬ বলে ১৫৩ রান করেছিলেন। সেই রান টপকে গেলেন ওয়েলিংটনে। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ১৪৯ বলে ১০৮ এবং করাচি টেস্টে ১৫০ বলে ১১১ রান করেছিলেন ব্রুক। ইতিমধ্যেই টেস্টে ১০১টি বাউন্ডারি ও ২০টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

আইপিএলে হায়দরাবাদে
তিনটি অর্ধশতরানের দুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মাউন্ট মঙ্গানুইয়ে আগের টেস্টে তিনি খেলেছিলেন ৮৯ ও ৫৪ রানের ইনিংস। ম্যাচের সেরার পুরস্কারও পান। রাওয়ালপিণ্ডিতে ৮৭ রান করেছিলেন। এবারের আইপিএলেও যে ব্রুক ঝড় তুলবেন তা বলার অপেক্ষা রাখে না। এবারই প্রথমবার তিনি আইপিএলে খেলবেন। ১৩.২৫ কোটি টাকায় তাঁকে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ। আগামীকাল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর অপেক্ষায় ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার।












Click it and Unblock the Notifications