'সৌরভ ক্ষমতালোভী', গ্রেগ চ্যাপেলের নয়া বাক্যবাণে ফের উত্তাল ক্রিকেট বিশ্ব
'সৌরভ ক্ষমতার লোভী', চ্যাপেলের নয়া বাক্যবাণে ফের উত্তাল ক্রিকেট বিশ্ব
টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন যার অনুগ্রহে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি নিজের জাতক্রোধ প্রশমন করতেই পারছেন না গ্রেগ চ্যাপেল। ১৬ বছর আগের সেই বিতর্কের কথা বিসিসিআই সভাপতির মুখে শোনা গিয়েছে কস্মিনকালে। তবু বারবার পুরনো ক্ষততে নুন ঢেলে পরিস্থিতিকে ঘোরালো করার মরিয়া চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয় ক্রিকেটের কিংবদন্তি বলে খ্যাত প্রাক্তন ভারতীয় হেড কোচ। যিনি বিনা প্ররোচনায় আরও একবার সৌরভের বিরুদ্ধে গরল ঢাললেন। তা নিয়ে ফের উত্তপ্ত হয়েছে বিশ্বের ক্রিকেট মহল।

সৌরভের জন্যই টিম ইন্ডিয়ার কোচিং
২০০৫ সালে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়েছিলেন গ্রেগ চ্যাপেল। দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুগ্রহেই যে তিনি এই চাকরি পেয়েছিলেন, তা স্বীকার করেছেন অজি কিংবদন্তি। জানিয়েছেন, মহারাজই তাঁকে কোচিং করানোর কথা বলেছিলেন। অন্য প্রস্তাব থাকলেও তিনি ক্রিকেট পাগল ভারতকেই নিজের কাজের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন বলে বক্তব্য গ্রেগের।

সৌরভ সম্পর্কে চ্যাপেলের অভিমত
আরও একবার বোমা ফাটিয়ে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, দলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক রাখা নিয়ে তিনি সমস্যায় পড়ে গিয়েছিলেন। ভারতীয় দলের ক্রিকেটার থাকাকালীন বিসিসিআই সভাপতি বেশি পরিশ্রম করতে চাইত না বলে জানিয়েছেন গ্রেগ। নিজের পারফরম্যান্সের উন্নতি না ঘটিয়ে সৌরভ কেবল অধিনায়ক থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইত বলেও অভিযোগ টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের। আসলে ক্ষমতা ভোগ করাই মহারাজের উদ্দেশ্য ছিল বলে বিস্ফোরক কথা বলেছেন চ্যাপেল।

দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ
যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বালাদেশের বিরুদ্ধে হেরে ২০০৭ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে, সেই তাঁর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গ্রেগ চ্যাপেল। তাঁর কথায়, ভারতকে বিশ্বসেরা দল বানানোর পিছনে দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাহুলের আমলে দলে সিনিয়র এবং জুনিয়রের মধ্যে যে ভারসাম্য তৈরি হয়েছিল, তা সৌরভের সময় ছিল না বলে দাবি চ্যাপেলের। মহারাজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ায় বাকি সিনিয়র ক্রিকেটাররা সতর্ক হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন গ্রেগ।

চাকরি হারানোর জন্য সৌরভকে দায়ী করেছেন চ্যাপেল
গ্রেগ চ্যাপেল সরাসরি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াতে তাঁর ১২ মাস দুর্দান্তভাবে কেটেছিল। কিন্তু বিসিসিআই সভাপতি ফের জাতীয় দলে ফিরতেই সমস্যা শুরু হয়েছিল বলে দাবি গ্রেগের। দলে নতুন করে একাধিক প্রতিবাদী মুখ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন চ্যাপেল। দলের নতুন বিভাজন সামাল দিতে তিনি নাজেহাল হয়ে গিয়েছিলেন বলে গ্রেগের বক্তব্য। সেই চাপে বাধ্য হয়েই তিনি টিম ইন্ডিয়ার কোচিং ছেড়েছিলেন বলে দাবি প্রাক্তন অজি ক্রিকেটারের।












Click it and Unblock the Notifications