ICC Women's Under-19 T20 World Cup 2025: তৃষার ঐতিহাসিক শতরান, স্কটল্যান্ডকেও ওড়াল ভারত
ICC Women's Under-19 T20 World Cup 2025: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন গোঙ্গড়ি তৃষা (Gongadi Trisha)। প্রথম ভারতীয় হিসেবে হাঁকালেন শতরান।
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আজ কুয়ালালামপুরে স্কটল্যান্ডকে সুপার সিক্সের নিয়মরক্ষার ম্যাচে উড়িয়ে দিল নিকি প্রসাদের দল।

স্কটল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ভারত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। ওপেন করতে নেমে তৃষা ৫৯ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ১৩টি চার ও চারটি ছয়।
উইকেটকিপার কমলিনী জি ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ওপেন করতে নেমে তিনি মেরেছেন ৯টি চার। ওপেনিং জুটিতে ওঠে ১৩.৩ ওভারে ১৪৭ রান। সানিকা চালকে ২০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো পাঁচটি বাউন্ডারি দিয়ে।
তৃষা চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছিলেন। মালয়েশিয়ার বিরুদ্ধে ২৭ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলেন ৪৯ রানের ইনিংস। বাংলাদেশ ম্যাচে ৪০ রান করার পাশাপাশি বল হাতে ১টি উইকেট নেন। আজ হাঁকালেন শতরান। যা সেমিফাইনালের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াল অনেকটাই।
বছর ১৯-এর তৃষা আজ ১৮তম ওভারের শেষ বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন। তখন বল করছিলেন স্কটল্যান্ডের স্পিনার মাইসি মাসেইরা। শতরান করতে তৃষা নেন ৫৩ বল। ওপেনিং জুটিতে ১৪৭ রান যোগ হয়। দ্বিতীয় উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে ওঠে ৬১ রান।
তৃষা বলেন, এই শতরান পেয়ে খুব ভালো লাগছে। চলতি টি২০ বিশ্বকাপে তৃষাই আপাতত সর্বাধিক রান সংগ্রহকারী। তিনি পাঁচটি ম্যাচে ২৩০ রান করেছেন। চার ম্যাচে ১৩১ রান নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের দেবিনা সারাহ টি পেরিন।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ভারতেরই শ্বেতা শেরাওয়াতের সর্বাধিক রেকর্ড তৃষা ভেঙে দেবেন যদি তিনি আর ৬৮ রান করতে পারেন এবারের বিশ্বকাপে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতা করেছিলেন ২৯৭।
এদিকে, ভারত সেমিফাইনাল খেলবে অপরাজেয় থেকেই। এদিন ভারত ১৫০ রানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে স্কটল্যান্ড ১৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায়। ১৩ রানে পড়েছিল প্রথম উইকেট, ৪২ রানে পঞ্চম উইকেট। দুই ওপেনার পিপা কেলি ও এম্মা ওয়ালসিংহম- দুজনেই ১২ রান করেন। আয়ুষি শুক্লা চারটি এবং বৈষ্ণবী শর্মা ও জি তৃষা তিনটি করে উইকেট নেন। এই ম্যাচে শতরানকারী তৃষা ২ ওভার হাত ঘুরিয়ে ৬ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications