Global T20 League: আইপিএলের চেয়ে বড়! নতুন টি২০ লিগের পরিকল্পনা, বিপুল অর্থ ঢালতে তৈরি সৌদি আরব
Global T20 League: বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে টি২০ লিগ, কোথাও আবার চলছে টি১০-ও। তবে ক্রিকেট লিগগুলির মধ্যে আইপিএলের জনপ্রিয়তা, বাণিজ্যিক লাভের ধারেকাছে কেউ নেই।
যদিও ক্রিকেট মানচিত্রে ধামাকা দিতে পারে নতুন গ্লোবাল টি২০ লিগ। জাঁকজমক, লগ্নিতে যা টক্কর দিতে পারে কিংবা পিছনে ফেলে দিতে পারে আইপিএলকেও।

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই লিগের পরিকল্পনার কথা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলেও খবর। উল্লেখ্য, আইসিসির চেয়ারম্যান পদে রয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জয় শাহ।
জানা যাচ্ছে, যে টি২০ লিগের পরিকল্পনা করা হচ্ছে তাতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ঢালতে তৈরি সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। অস্ট্রেলিয়ার এক বিশিষ্ট ব্যক্তিও এই লিগে লগ্নি করতে পারেন। এই লিগটি নিল ম্যাক্সওয়েলের মস্তিষ্কপ্রসূত বলেও খবর।
নিল ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। তিনি নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার প্রাক্তন অলরাউন্ডার। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন সদস্য। আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টি২০ লিগের বাইরের উইন্ডোয় এই লিগটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
আটটি দেশের ফ্র্যাঞ্চাইজি থাকার কথা। যার একটি হবে অস্ট্রেলিয়ার। বিশ্বের চারটি দেশে লিগের ম্যাচগুলি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বছরের বিভিন্ন সময়ে। ফাইনাল সৌদি আরবে। টেনিসের থেকে অনুপ্রাণিত হয়ে সেই মডেলেই গ্লোবাল টি২০ লিগ আয়োজনের উদ্যোগ।
তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে আইসিসির অনুমোদন। মানবাধিকার লঙ্ঘন-সহ নানাবিধ অভিযোগ রয়েছে সৌদি আরবের বিরুদ্ধে। তবে ক্রীড়া পরিকাঠামোয় তরতরিয়ে উন্নতি করছে এই দেশ। এবার সেই দেশে ক্রিকেট জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব ক্রিকেটে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াই আর্থিকভাবে বিপুল শক্তিধর। লভ্যাংশের বেশিরভাগটাই যায় এই তিন দেশে। তবে নয়া প্রস্তাবিত লিগে লভ্যাংশের কিছুটা অংশ ভাগ করা হবে তথাকথিত ছোট বা আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিকে। যাতে টেস্ট ক্রিকেটের প্রতি আকর্ষণ না হারান সেই দেশের ক্রিকেটাররা।
অবসর নেওয়া ক্রিকেটার বাদে ভারতের কোনও প্লেয়ারকে বিদেশের লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহের অনুমতিতে যদি এই লিগ চালু হয়, তাহলে তাতে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে জয়ও বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতে পারেন বলে অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications