টি ২০ বিশ্বকাপে ভারতের বিরাট বিপর্যয়ের কারণ চিহ্নিত করলেন গাভাসকর, অরুণের অজুহাত ওড়ালেন হরভজন
টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে আজই শেষ হয়ে যাচ্ছে ভারতের অভিযান। আজ নামিবিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ দুবাইয়ে। তবে নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দিতেই ছিটকে গিয়েছে বিরাট কোহলির দল। কী কারণে ফের বিপর্যয় তা নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন সুনীল গাভাসকর ও হরভজন সিং। টুইটেও হতাশা ব্যক্ত করছেন প্রাক্তনরা।

পাকিস্তানের কাছে ১০ উইকেটে আর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়ই ভারতের বিদায়ের ভিত গড়ে দিয়েছিল। ফলে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে উন্নতি ঘটালেও শেষ চারে ওঠার পক্ষে তা যথেষ্ট হয়নি। প্রথম দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতাকেই ভারতের বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, যেভাবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বোলাররা আমাদের ব্যাটারদের বেঁধে ফেলেছিলেন, সহজে রান করতে না দিয়ে, সেটাই ভারতের সেমিফাইনালে উঠতে না পারার প্রধান কারণ। শিশির নিশ্চিতভাবেই ম্যাচগুলির দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ করে দিয়েছে। এই সময় বলও ঘোরেনি, ফলে স্পিনারদের বলও সোজা গিয়েই পৌঁছাচ্ছিল ব্যাটারদের কাছে। পরে ব্যাট করা তুলনামূলকভাবে সহজ হয়েছে, কিন্তু স্কোরবোর্ডে ১৮০ রান তোলা থাকলে তখন ২০-৩০ রান বেশি খরচ হলেও সমস্যা হয় না।

গাভাসকরের কথায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১১ রান তোলায় ডিউ ফ্যাক্টর কোনও কাজেই আসেনি। ভারত পর্যাপ্ত রান তুলতে পারেনি, সেটাই মূল কারণ, আর কোনও কিছু নয়। তবে ভারতীয় ব্যাটিংয়ে অ্যাপ্রোচ বদলের পরামর্শও দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, আমি মনে করি না বিশাল রদবদলের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাটিংয়ের ধরন কিছুটা বদলানো জরুরি। বিশেষ করে বেশ কিছু টুর্নামেন্টেই দেখছি ভারতীয় ব্যাটাররা পাওয়ারপ্লে ওভারের ফায়দা নিতে পারছেন না। প্রথম ছয় ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকেন। কিন্তু বিগত বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে ভারত তার সুবিধা নিতে পারেনি। শক্ত দলের বিরুদ্ধে এবং সেই দলে কোনও ভালো বোলার থাকলেই ভারত বড় রান তুলতে ব্যর্থ হয়েছে। সেটা বদলাতে হবে। ভারত প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারার কারণ হিসেবে ফিল্ডিংয়ের দিকেও আঙুল তুলেছেন সানি। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান আরও উন্নত করার পক্ষেই সওয়াল করেছেন তিনি। এক্ষেত্রে নিউজিল্যান্ডের উদাহরণ টেনে গাভাসকর বলেছেন, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দারুণ ফিল্ডিং করেছেন, দারুণ সব ক্যাচ ধরেছেন, রান বাঁচিয়েছেন, ফলে সাধারণ মানের বোলিং আক্রমণ বা উইকেট থেকে ফায়দা আদায় না করা গেলেও ভালো ফিল্ডিং দিয়ে ফারাক গড়া যায়। তিন-চারজন বাদে এই ভারতীয় দলে এমন কারও উপর ভরসা করা যায় না যিনি বাউন্ডারির ধারে ডাইভ দিয়ে রান বাঁচাতে পারেন।

ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ টস ফ্যাক্টরকে দায়ী করেছিলেন ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে। কিন্তু সেই দাবির সঙ্গে সহমত পোষণ করছেন না প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, আমি শুনেছি ভরত বলেছেন ভারত টস জিততে পারেনি, সেটা জিততে পারলে এটা হতো, ওটা হতো! প্রথমে বোলিং করলে পরে ব্যাট করে জেতা যেত বলে যাঁরা ভাবছেন তাঁরা এটাও দেখুন চেন্নাই সুপার কিংস তো আইপিএল জিতেছে প্রথমে ব্যাটিং করেই। তবে সেজন্য বড় রান তুলতে হতো। ফলে এটা মানতেই হবে যেভাবে আমাদের খেলার দরকার ছিল সেটা আমরা পারিনি। আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। টুইটে হতাশা ব্যক্ত করে প্রাক্তন ভারতীয় পেসার তথা প্রাক্তন বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ বলেছেন, আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এখন থেকেই পরিকল্পনা করা উচিত। একই সুরে টুইট করেছেন ইরফান পাঠানও।
Next time with better planning!
— Irfan Pathan (@IrfanPathan) November 7, 2021
So after 9 years and 6 succesive semi-final qualifications, India fail to qualify for the semi-finals of a ICC event. Haven’t played to potential and it will hurt the team a lot. Time to get the act right for next year’s world cup in Australia.
— Venkatesh Prasad (@venkateshprasad) November 7, 2021












Click it and Unblock the Notifications