সব ধরনের ক্রিকেট থেকে ইউসুফের অবসর, বিদায়বেলায় আবেগঘন টুইট
সব ধরনের ক্রিকেট থেকে ইউসুফের অবসর, বিদায়বেলায় আবেগঘন টুইট
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইউসুফ পাঠান। বিদায়বেলায় টুইটারে আবেগঘন বার্তা লিখেছেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরা। ইউসুফের এই সিদ্ধান্তে ভাই ইরফান পাঠানের অবসরের কথা মনে পড়েছে অনেকের।
|
ইউসুফের টুইট
শুক্রবার বিকেলে টুইটারে নিজের অবসরের কথা জানান ইউসুফ পাঠান। এক পোস্টে তিনি তাঁর দুই বিশ্বকাপ জয়ের মুহূর্তকে সংযুক্ত করেছেন। প্রথম ছবিতে তাঁকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে ভাই ইরফানের পাশে দাঁড়িয়ে রয়েছেন ইউসুফ। সেই সঙ্গে তিনি বিদায়বেলায় আবেগঘন বার্তাও লিখেছেন। যেখানে নিজের পরিবার, বন্ধু, ফ্যান, দল, কোচ সহ গোটা দেশকে ধন্যবাদ জানিয়েছেন পাঠান।

ইউসুফের কেরিয়ার
২০০১ সালে বরোদার হয়ে ক্রিকেট খেলতে শুরু করেন ইউসুফ পাঠান। ২০ বছরে তিনি ৯২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৫৭২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ঘরোয়া ক্রিকেটে ১৯৬ উইকেট নিয়েছেন পাঠান।

ভারতের হয়ে পাঠানের পারফরম্যান্স
২০০৭ সালে প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন ইউসুফ পাঠান। ২০১২ সালে তাঁকে শেষবার আন্তর্জাতিক স্তরে খেলতে দেখা যায়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন পাঠান। ভারতের হয়ে ৫৭টি ওয়ান ডে, ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইউসুফ দুই ফর্ম্যাটে যথাক্রমে ৮১০ ও ২৩৬ রান করার পাশাপাশি ৩৩ ও ১৩ উইকেট নিয়েছেন।

আইপিএলে পাঠান
রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা ইউসুফ পাঠান টুর্নামেন্টে ১৭৪টি ম্যাচ খেলেছেন। ৩২০৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৪২টি উইকেট নিয়েছেন। আইপিএলে একটি শতরান রয়েছে পাঠানের।












Click it and Unblock the Notifications