Ravindra Jadeja: বিধায়ক-বৌমার জন্য ভেঙেছে সংসার! রবীন্দ্র জাদেজাকে ক্রিকেটার বানিয়ে আক্ষেপ অভিমানী বাবার
Ravindra Jadeja: রবীন্দ্র জাদেজার ফিটনেস আগের চেয়ে ভালো জায়গায় এলেও তিনি রাজকোটে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না বলেই খবর। জাদেজার স্ত্রী রিভাবা আবার বিজেপি বিধায়ক।
কিন্তু আলোর নীচে যে কতটা অন্ধকার, দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে তা সামনে আনলেন রবীন্দ্র জাদেজার পিতা অনিরুদ্ধসিং। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য আজ তাঁর বড্ড আক্ষেপ।

জামনগরে চারতলা বাংলোয় এখন স্ত্রীকে নিয়ে থাকেন জাদেজা। জাদেজার বাবা একই শহরে থাকেন তাঁদের পুরানো ২বিএইচকে ফ্ল্যাটে। তিনি বলেছেন, গ্রামে কিছু জমি রয়েছে। এ ছাড়া প্রয়াত স্ত্রীর পেনশন বাবদ ২০ হাজার টাকা পাই। তা দিয়েই চলে যায়। ফ্ল্য়াটে একাই থাকি। একজন পরিচারক আছেন, তিনিই রান্নাবান্না করে দেন।
জাদেজার বাবার কথায়, নিজের মতো করেই বেঁচে রয়েছি। তবে আমার এই ফ্ল্যাটেও রবীন্দ্রর জন্য আলাদা একটা ঘর রাখা আছে। আমি আর আমার মেয়ে কঠোর পরিশ্রম করে জাদেজাকে ক্রিকেটার বানিয়েছি। ২০ লিটারের দুধের ক্যান নিয়ে এক সময় ঘুরেছি রোজগারের জন্য। ওয়াচম্যানের কাজও করেছি।
অনিরুদ্ধসিং বলেন, আমরা আর্থিকভাবে সচ্ছল ছিলাম না। আমার চেয়েও অনেক বেশি কষ্ট করেছেন আমার মেয়ে, জাদেজার দিদি। মায়ের মতো করে ভাইকে আগলে রেখে। যদিও জাদেজা এখন দিদির সঙ্গেও যোগাযোগ রাখেন না। পরিবারে ভাঙন ধরানোর জন্য জাদেজার স্ত্রী রিভাবার দিকেই আঙুল তুলেছেন অনিরুদ্ধসিং।
জাদেজার বাবা জানিয়েছেন, রবীন্দ্রর বিয়ের পরই রেস্তরাঁর মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। রিভাবা রবীন্দ্রকে চাপ দেন মালিকানা তাঁর নামে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য। এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। যদিও জাদেজার দিদি বুঝতে পারেন ভাই ভালোভাবে রেস্তরাঁ চালাতে পারবেন। সে কারণে মালিকানা হস্তান্তরের নথিতে সই করে দেন।
জানা গিয়েছিল, জাদেজাকে শ্যালক অডি গাড়ি উপহার দিয়েছিলেন। যদিও জাদেজার বাবার দাবি, রিভাবার বাবাই জাদেজার টাকায় নতুন বাড়ি কিনেছেন। অনিরুদ্ধসিং বলেন, জাদেজার শ্যালকদের বড় ব্যবসার খবর ঠিক নয়। অডি গাড়ি রবীন্দ্রই অর্ডার দিয়েছিলেন। চেক ছিল আমাদের নামেই। জাদেজার শ্বশুরবাড়ির বড় ব্যবসা থাকলে তাঁর শাশুড়িকে চাকরি করতে হতো না।
জাদেজার বাবার দাবি, রিভাবার পরিবার রেল কোয়ার্টারে থাকতো। রবীন্দ্র জাদেজার অর্থেই ২ কোটি টাকার বাংলো কিনেছে সম্প্রতি। অনিরুদ্ধসিংয়ের কথায়, আমি জাদেজাকে ফোন করি না। আমার তাঁকে দরকার নেই। আমি বাবা, জাদেজারই তো আমাকে ফোন করা উচিত। এমন পরিস্থিতিতে কান্নাই পায়, রক্ষাবন্ধনের সময় তাঁর দিদিও চোখের জল ফেলেন ভাইয়ের জন্য।
জাদেজার বিয়ে হয়েছে ২০১৬ সালের এপ্রিলে। ২০১৭ সালে তাঁর কন্যাসন্তানের জন্ম। অনিরুদ্ধসিং আক্ষেপ করছেন রিভাবার সঙ্গে ছেলের বিয়ে দিয়ে। জাদেজা ক্রিকেটার না হলে এমন দিন দেখতে হতো না বলেও সাফ জানাচ্ছেন তিনি। বিয়ের তিন মাসের মধ্যে সব কিছু তাঁর নামে করে দেওয়ার দাবি জানান রিভাবা। তিনি জানিয়ে দেন, পরিবারের সঙ্গে না থেকে আলাদা থাকবেন।
নাতনির মুখ জাদেজার বাবা দেখতে পারেননি পাঁচ বছর। ছেলে এখন শ্বশুরবাড়ির কথাতেই চলেন। নিজের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই। অনিরুদ্ধসিংয়ের কথা, আমি বা আমার মেয়ে ভুল করতে পারেন বা ভুল বলতে পারেন। কিন্তু পরিবারের ৫০ জনই কি ভুল বলবেন? কারও সঙ্গেই যোগাযোগ নেই জাড্ডুর।
এদিকে, জাদেজা এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সাক্ষাৎকারের বক্তব্যকে খারিজ করে দিয়েছেন। যে সংবাদমাধ্যমে ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি জাড্ডুর। একপেশে নানা দাবিকেও তিনি ভিত্তিহীন বলে মনে করছেন।
Let's ignore what's said in scripted interviews 🙏 pic.twitter.com/y3LtW7ZbiC
— Ravindrasinh jadeja (@imjadeja) February 9, 2024
স্ক্রিপ্টেড ইন্টারভিউয়ে তাঁর স্ত্রীর ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস লক্ষ্য করছেন জাড্ডু। এই ধরনের প্রয়াস সঠিক নয় এবং নিন্দাজনক বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জাদেজা। তিনিও অনেক কিছু বলতে পারেন, কিন্তু তা জনসমক্ষে আনতে চান না বলেও উল্লেখ করেন জাদেজা। তবে জাদেজার পোস্টেও কিন্তু এই ইঙ্গিত মিলেছে যে, বাবা, দিদি বা পরিবারের লোকজনদের সঙ্গে সুসম্পর্ক এখন নেই।












Click it and Unblock the Notifications