সিরিজ হার এড়াতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড, দুই দলে ৬ পরিবর্তন
এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে পরাজয় এড়াতে পারেনি ভারত। এবার বার্মিংহ্যামের সেই মাঠেই টি ২০ আন্তর্জাতিক সিরিজ পকেটে পুরে ফেলার সামনে রোহিত শর্মার দল। সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। দুই দলে মোট ৬টি পরিবর্তন। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছেন ঋষভ পন্থ।
|
দুই দলে ৬ পরিবর্তন
টস জিতলে তিনি ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন ঈশান কিষাণ, দীপক হুডা, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল। দলে এসেছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ। টেস্ট দল থেকে টি ২০ দলে যোগ দিলেও প্রথম একাদশে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। ফিনিশার হিসেবে দীনেশ কার্তিকেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন। দলে রিচার্ড গ্লিসন ও ডেভিড উইলি। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন ইংল্যান্ডের ৩৪ বছরের পেসার রিচার্ড গ্লিসন।

বিরাট-কোহলি নজিরের মুখে
আজকের ম্যাচে টি ২০ আন্তর্জাতিকে নজির গড়ার মুখে বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কে টি ২০ আন্তর্জাতিকে তিনশোটি চার মারার কীর্তি গড়তে পারেন সেটাও দেখার। রোহিত ও বিরাট দুজনেরই দরকার দুটি করে বাউন্ডারি। বিরাট ৯৭টি টি ২০ আন্তর্জাতিকে ২৯৮টি চার মেরেছেন। রোহিত সমসংখ্যক চার মেরেছেন দেশের হয়ে ১১৮টি ম্যাচ খেলে। এই তালিকার শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১০৪ ম্যাচে ৩২৫টি চার)। বিরাট ছন্দে নেই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টি ২০ পারফরম্যান্স খারাপ নয়। গত বছর দেশের মাটিতে তিনি ৪৯ বলে অপরাজিত ৭৩, ৪৬ বলে অপরাজিত ৭৭ ও ৫২ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন।
|
হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা
এজবাস্টন টি ২০-র ক্ষেত্রে হাই স্কোরিং গ্রাউন্ড। আজকের ম্যাচটি যে পিচে খেলা হচ্ছে সেখানে আগেও খেলা হয়েছে। ফলে স্পিনাররা পরের দিকে সাহায্য পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের ভাইটালিটি টি ২০ ব্লাস্টে ৮টি ম্যাচের মধ্যে এই মাঠে প্রথমে ব্যাট করা দল জিতেছে পাঁচটিতে। প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ১০১ অল আউট, সর্বাধিক স্কোর ৮ উইকেটে ২২৮। টি ২০-তে এই মাঠে গড় স্কোর ১৭০ হলেও চলতি ব্লাস্টে তা কমে হয়েছে ১৬১।
|
নির্ভীক ক্রিকেট চাইছেন হিটম্যান
রোহিত শর্মা বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। দুদিন আগে ব্লাস্টের ম্যাচও হয়েছে। দ্রুত মানিয়ে নিতে হবে। নির্ভীক ক্রিকেট খেলা আমাদের লক্ষ্য, একইসঙ্গে পরিস্থিতি বুঝে নিয়ে সেইমতো খেলতে হবে। টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, আশা করছি উইকেট শেষ অবধি ভালোই থাকবে। আমাদের ঘুরে দাঁড়ানোর ভালোই সম্ভাবনা রয়েছে। সেটা আমরা করতেও পারব। এই মাঠটি দুর্দান্ত, এখানে ভারতীয় দলও ভালোই সমর্থন পাবে। উল্লেখ্য, ইংল্যান্ড এই মাঠে শেষ তিনটি টি ২০ আন্তর্জাতিকে জিতেছে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ভারত ও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ
ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, ডেভিড উইলি, রিচার্ড গ্লিসন, ম্যাট পার্কিনসন












Click it and Unblock the Notifications