ম্যাচের রং বদলেছিলেন, তবে দ্বিতীয় টেস্টে এই বোলারকে বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড
ম্যাচের রং বদলেছিলেন, তবে দ্বিতীয় টেস্টে এই বোলারকে বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড
বিধ্বংসী স্পেলে বদলে দিয়েছিলেন ম্যাচের রং। চোট-আঘাত সমস্যাও নেই। তবু অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে বাইরে রেখেই চিপকে দ্বিতীয় টেস্ট খেলতে নামতে পারে ইংল্যান্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ ক্রিস সিলভারউড।

রোটেশন পলিসি
চলতি বছরে ঠাসা ক্রীড়াসূচি ইংল্যান্ডের। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজও রয়েছে। সে কথা মাথায় রেখে কঠোরভাবেই রোটেশন নীতি মেনে চলা হচ্ছে। ফলে চিপকে ম্যাচ জেতানো পারফর্মার হওয়া সত্ত্বেও দ্বিতীয় টেস্টের দলের বাইরে থাকতে হতে পারে বছর ৩৮-এর পেসার জিমি অ্যান্ডারসনকে। প্রথম টেস্টের শেষ দিনে অ্যান্ডারসনের স্পেল সর্বকালের সেরা স্পেলের তালিকায় ঢুকে পড়েছে। লাঞ্চের আগে তিনি বল করেছিলেন সাত ওভার। চারটি মেডেন। আট রানের বিনিময়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। একটা সময় তিনি পাঁচ ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট তুলে নেন মাত্র ছয় রানের বিনিময়ে। তাঁর রিভার্স স্যুইং কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ভারতের তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইন আপে।

কোচের কথা
ইংল্যান্ডের যে রোটেশন পলিসি তাতে এই টেস্টে বিশ্রামে থাকার কথা অ্যান্ডারসনের। যদিও উইনিং কম্বিনেশনে বদল আনতে দ্বিধায় ইংল্যান্ড কোচ সিলভারউড। তিনি বলেছেন, অ্যান্ডারসনের মতো ক্রিকেটারকে বাইরে রেখে নামা সত্যিই কঠিন। দেখা যাক কী হয়। তবে প্রথম টেস্টের জয়ী দলের প্রথম একাদশে পরিবর্তন আনার ইচ্ছা আমার নেই।

অ্যান্ডারসন কী বলছেন?
চেন্নাইয়ের গরমেও যেভাবে বোলিং করেছেন অ্যান্ডারসন, তাতে তাঁর ফিটনেস দেখে অনেকেই অবাক। শ্রীলঙ্কা সফরেও প্রথম টেস্টে খেলেননি। তবে দ্বিতীয় টেস্টে নেমেই প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এরপর চেন্নাই টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট, বিশেষ করে অনবদ্য বোলিং করেছেন দ্বিতীয় ইনিংসে। এই পরিস্থিতিতে ছন্দ ধরে রাখার ইচ্ছা থাকলেও নিয়ম মেনে চলতে রাজি জিমি। তিনি বলেন, যখন কোনও ব্যাটসম্যান ফর্মে থাকেন তখন তিনি ছন্দ ধরে রাখতে ব্যাটিং চালিয়ে যেতে চান। একই কথা প্রযোজ্য বোলারদের ক্ষেত্রেও। সম্ভব হলে টানা খেলতে চান ফর্মে থাকা, ছন্দে থাকা বোলারও। তবে এটাও ঠিক, খুব কম সময়ের মধ্যে আমাদের চারটি টেস্ট খেলতে হবে। ফলে বিশ্রাম, রোটেশনও দরকার। টিম ম্যানেজমেন্ট যা পদক্ষেপ করবে মানতে প্রস্তুত আছি।

দলে আসতে পারে আরও পরিবর্তন
অ্যান্ডারসনকে দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখা হলে প্রথম একাদশে জায়গা পাকা স্টুয়ার্ট ব্রডের। সিলভারউড বলেছেন, ব্রড আগের টেস্টে খেলেননি। তবে আমাদের হাতে অনেক বোলার রয়েছেন যাঁদের মধ্যে যে কাউকে যখন হিসেবে আমরা খেলিয়ে দিতে পারি। ইংল্যান্ডের প্রথম একাদশে আরও একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের হেড কোচ। জস বাটলারের পরিবর্তে দ্বিতীয় টেস্টে উইকেটের পিছনে দেখা যেতে পারে বেন ফোকসকে। দ্বিতীয় টেস্টে মাঠে থাকবেন দর্শকরাও। এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন সিলভারউড।












Click it and Unblock the Notifications