ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচেও সোশ্যাল মিডিয়া কাঁপালেন হরমনপ্রীত-হারলিন, মুগ্ধ সচিন
ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচেও সোশ্যাল মিডিয়া কাঁপালেন হরমনপ্রীত-হারলিন
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে যাওয়ার পর এবার টি২০ সিরিজের প্রথম ম্যাচও হেরে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। মোকাবিলা হারলেও ম্যাচে দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও তাঁর সতীর্থ হারলিন দেওল। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
|
প্রথম টি২০তে ভারতের হার
নর্থহ্যাম্পটনের কাউন্টি মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তে মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে ইংল্যান্ড। ২৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন নাট স্কিভার। ২৭ বলে ৪৩ রান করেন অ্যামি জোন্স। ভারতের হয়ে ৩ উইকেট নেন পেসার শিখা পান্ডে। ইতিমধ্যে বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওভার কমিয়ে দেওয়া হয়। ভারতের সামনে ৭৩ রানের লক্ষ্য খাড়া করা হয়। তবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি তুলতে পারেনি ওমেন ইন ব্লুরা। ১৭ বলে ২৯ রান করেন স্মৃতি মান্ধানা। ২৪ বলে ১৭ রান করেন হারলিন দেওল।
|
হরমনপ্রীতের ক্যাচ
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভার বল করছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার শিখা পান্ডে। ওভারের দ্বিতীয় বল ফেস করছিলেন হোম টিমের হয়ে দুর্দান্ত অর্ধশতরান হাঁকানো নাট স্কিভার। ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড ব্যাটসম্যান। ব্যাটে-বলে সেভাবে সংযোগ না হওয়ায় বল লং অনের কিছুটা আগে মাটি ছুঁতে যায়। তার আগেই বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত। যা দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
|
হারলিনে মুগ্ধ নেট দুনিয়া
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে এবার তুলে মারার চেষ্টা করেন সে দলের উইকেটরক্ষক অ্যামি জোন্স। লং অফে দাঁড়িয়ে থাকা হারলিন দেওল নিশ্চিত ছক্কা তো বাঁচনই, উল্টে তিনি বলের গতিমুখ পরিবর্তন করেন। বলকে বাউন্ডারির বাইরে যাওয়া থেকে আটকে নিজেকে দড়ি পেরিয়ে যান। শূন্য ভাসিয়ে দেওয়া বল এরপর বাজপাখির মতো ঝাঁপিয়ে তালুবন্দি করেন হার্লিন। যেমনটা ছেলেদের ক্রিকেটে আকচারই দেখা যায়। যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট ফ্যানরা।
উইকেটরক্ষক বাংলার রিচা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে উইকেটরক্ষকেরল ভূমিকা পালন করেন বাংলার রিচা ঘোষ। ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের একজন ব্যাটসম্যান স্ট্যাম্পও করেন রিচা। তা নিয়ে বাংলার গর্বের শেষ নেই।
|
বছরের সেরা ক্যাচ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তে হারলিন দেওলের নেওয়া ক্যাচ দেখে মুগ্ধ হয়েছেন সচিন তেন্ডুলকর। সন্দেহাতীতভাবে সেটিকে বছরের সেরা ক্যাচ বলে আখ্যা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। টুই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications