CT 2025: প্রথম অধিনায়ক হিসেবে রোহিত গড়লেন বিশ্বরেকর্ড, এলিট লিস্টে নাম লেখালেন গম্ভীরও
CT 2025: ২০২৩ সালের বিশ্বকাপ না জিততে পারার জ্বালা জুড়িয়েছিল টি২০ বিশ্বকাপ জেতায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতল রোহিত শর্মার ভারত।
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ইভেন্ট জেতার নজির গড়লেন রোহিত শর্মা। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়লেন হিটম্যান।

ভারতের ট্রফি জয় নিশ্চিত হতেই রোহিত শর্মা, বিরাট কোহলি দুটি উইকেট নিয়ে ডান্ডিয়া নাচলেন। ভারতীয় ক্রিকেটাররা কেউ গ্যাংনাম নাচের তালে পা মেলালেন, কেউ আবার ভাংরা। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও হারতে হয়েছিল। আজ সেই খেতাব দখলে এলো। ২৫ বছর আগে কিউয়িদের কাছে ফাইনালে হারেরও মধুর প্রতিশোধ দেখা গেল দুবাইয়ে।
শতরান পেলে অধিনায়ক হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নজির ছুঁতে পারতেন রোহিত শর্মা। তা হয়নি। তবে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পেলেন।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও স্পর্শ করলেন ঈর্ষণীয় নজির। ক্রিকেটার ও সংশ্লিষ্ট দেশের হেড কোচ হিসেবে আইসিসি ইভেন্ট এর আগে জেতার নজির ছিল ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান, জিওফ মার্শ ও দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের। সেই তালিকায় নাম জুড়ল গম্ভীরের।
রোহিত বলেন,স্পিনারদের উপর শুরু থেকেই প্রত্যাশা ছিল। তাঁরা কেউই হতাশ করেননি। এই প্রত্যাশা তাঁদের সাহায্য করেছে, আমরা এই অ্যাডভান্টেজ কাজে লাগিয়েছি। বোলিংয়ে আমরা খুব ভালো ধারাবাহিকতা দেখিয়েছি। লোকেশ রাহুলও শক্ত মনের মানুষ। চাপে বিচলিত হন না। তিনি আজ ম্যাচ জেতালেন।
রোহিতের কথায়, চাপের মুখে কী ধরনের শট খেলতে হয় তা দেখিয়েছেন রাহুল। তাতে অন্য ব্যাটাররাও খোলা মনে খেলতে পেরেছেন। সমস্ত ব্যাটারই ভালো খেলেছেন। রোহিত এদিনও ফের বলেন, বরুণ চক্রবর্তীর বলে আলাদা কিছু আছে। এই ধরনের পিচে তাঁর মতো বোলার দরকার। শুরু থেকে না খেললেও যখনই সুযোগ পেয়েছেন তখনই উইকেট পেয়েছেন। দুবাইয়ে যে বিপুল সংখ্যক দর্শক ভারতকে উৎসাহ দিতে হাজির থেকেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিত। বলেন, দুবাই আমাদের হোম গ্রাউন্ড নয়। কিন্তু দর্শকরাই তাকে আমাদের হোম গ্রাউন্ডে পরিণত করেছেন।












Click it and Unblock the Notifications