CT 2025, AUS vs AFG: লাহোরে বৃষ্টির সম্ভাবনা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কী?
CT 2025, AUS vs AFG: কাল লাহোরে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কার্যত কোয়ার্টার ফাইনাল। যারা জিতবে তারাই যাবে সেমিফাইনালে।
যারা হারবে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। কেন না, দক্ষিণ আফ্রিকার নেট রান রেট খুব ভালো (২.১৪০)। ফলে বিপুল ব্যবধানে শনিবার ইংল্যান্ডের কাছে প্রোটিয়ারা না হারলে কালকের হেরো দলের সম্ভাবনা শেষ হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল আফগানিস্তানকে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে রয়েছে ৩ পয়েন্ট। আফগানিস্তানের ২ ম্যাচে ২ পয়েন্ট। অজিদের নেট রান রেট ০.৪৭৫, আফগানিস্তানের মাইনাস (-)০.৯৯০।
আফগানদের টিকে থাকতে হলে জিততেই হবে। তবে আজ অবধি চারটি টি২০ আন্তর্জাতিকে সব কটিতেই অজিদের কাছে হেরেছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের দ্বিশতরানে ভর করে আফগানদের হারিয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু গত টি২০ বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অর্ধশতরান সত্ত্বেও কিংসটাউনে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছিল আফগানিস্তান। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে অজিরা জয় পেয়েছিল ৪ রানে। ফলে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার পর আফগানিস্তান ডু-অর-ডাই ম্যাচে সর্বশক্তি উজাড় করে দিতে চাইবে।
অস্ট্রেলিয়া প্রথম ম্য়াচে ৩৫২ রানের টার্গেট তাড়া করে জিতেছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপের পর সেই ম্যাচেই প্রথম সবচেয়ে অনভিজ্ঞ দল নামাতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, মিচেল মার্শের মতো তারকারা নেই।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য দল ঘোষণার প্রয়োজন পড়েনি বৃষ্টির কারণে। তবে মনে করা হচ্ছে, ইংল্যান্ড ম্যাচে ৩৫১ রান দেওয়া বোলিং বিভাগে রদবদল আনা হতে পারে। আফগানিস্তান ব্যাটারদের চাপে ফেলতে কাজে লাগানো হতে পারে স্পেনসার জনসনের পেস ও বাউন্স।
আজ আবহাওয়ার কারণে ইনডোরে অনুশীলন সেরেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার শন অ্যাবটকে একাদশে রাখার ভাবনাও রয়েছে। লেগ স্পিনার তনভীর সাঙ্গাকে খেলানো হয় কিনা সেদিকেও নজর থাকবে। আফগানিস্তান উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক মহলেও উঠেছিল আফগানিস্তান ম্যাচ বয়কটের দাবি। তালিবান শাসনে নারীদের অধিকার সুরক্ষিত নয়, তারই প্রতিবাদে। তবে সেই আফগানদের বিরুদ্ধে ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার কাছে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাহোরে বৃষ্টি হওয়ায় আউটফিল্ডের অবস্থা কেমন থাকবে তার উপরও অনেক কিছু নির্ভর করবে। সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে বেলার দিক থেকে আবহাওয়া ভালো হতে পারে। এই আবহে নজর থাকবে নিকাশি ব্যবস্থা নিয়েও।
ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে অস্ট্রেলিয়ার পোয়া বারো। তারা পৌঁছে যাবে শেষ চারে, চার পয়েন্ট নিয়ে। আফগানিস্তান টিকে থাকবে অঙ্কের নিয়মে। যদিও জিতেই সেমিফাইনালের টিকিট পেতে চাইছেন, জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা মার্নাস লাবুশেন।
আফগানিস্তানও মাথায় রাখছে টি২০ বিশ্বকাপের জয়কে। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেছেন, আমরা শুধু ম্যাক্সওয়েলকে নিয়ে ভাবছি না। গোটা অস্ট্রেলিয়া দলের জন্যই রণকৌশল তৈরি থাকবে।
আর ১৭ রান করলে ম্যাক্সওয়েলের ওডিআইয়ে ৪ হাজার রান হবে। ১ উইকেট পেলে ওডিআইয়ে ২০০ শিকার হবে রশিদ খানের। রহমত শাহ ৩৭ রান করলে প্রথম আফগান ব্যাটার হিসেবে ৪ হাজার ওডিআই রানের ক্লাবে যোগ দেবেন।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট বা স্পেনসার জনসন, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নঈব, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications