এক বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা হকলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও
এক বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা হকলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও
একদিকে যখন আইপিএল ফেরত ক্রিকেটাররা নিভৃতবাস শেষে পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছে, অন্যদিকে তখন এক বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা নিক হকলেকেই নতুন চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও নির্বাচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। তাতে আপ্লুত হয়েছেন নিক নিজে। এ ব্যাপারে তিনি এক বিবৃতিও জারি করেছেন।

২০২০ সালের জুন মাস থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও-র দায়িত্ব পালন করে আসছেন নিক হকলে। গত এক বছরে করোনা ভাইরাসের আবহে অস্ট্রেলিয়ায় একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া সিরিজ সফলভাবে আয়োজন করে নজর কেড়েছেন নিক। তার পুরস্কার স্বরূপ নিক হকলেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার স্থায়ী সিইও নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের শীর্ষে পদে স্থায়ীভাবে বসে আবেগপ্রবণ বিবৃতি লিখে ফেলেছেন নিক হকলে। তাঁর বক্তব্য, জাতীয় ক্রীড়া হওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতোভাব জড়িত। দেশের মানুষের স্বার্থে এই খেলার আরও উন্নতি সাধন ঘটানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন নিক। লিখেছেন, শেষ ১২ মাসে অস্থায়ীভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলে তিনি অনেক কিছু শিখেছেন। সেই অভিজ্ঞতা নিজের আগামী দিনের কাজে যোগ করতে চান বলেও জানিয়েছেন হকলে। বলেছেন, আরও মানুষকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করাও তাঁর অন্য লক্ষ্য। পরিশেষে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদের যোগ্য মনে করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদও জানিয়েছেন নিক।
গত দশ বছর ধরে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলেছেন নিক হকলে। ২০২০ সালে টি২০ বিশ্বকাপের লোকাল অর্গ্যানাইজিং কমিটির সিইও নির্বাচিত হওয়া নিক, ২০১৫ সালের বিশ্বকাপের কমার্শিয়াল ও মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কমার্শিয়াল প্রজেক্টের মাথার দায়িত্ব পালন করেছেন। করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে গেলে ভারতে আটকে থাকা অস্ট্রেলীয় ক্রিকেটারদের দেশের ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন নিক। এই কঠিন সময়ে নিজের দেশের সরকার ও বিসিসিআইয়ের মধ্যে দুর্দান্ত সংযোগরক্ষার কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও।












Click it and Unblock the Notifications