জোশীকে সরিয়ে বিরাট-রোহিতদের নতুন নির্বাচক প্রধান হ্যাটট্রিক ম্যান চেতন
জোশীকে সরিয়ে বিরাট-রোহিতদের নতুন নির্বাচক প্রধান হ্যাটট্রিক বয় চেতন
দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার সুনীল জোশীর পরিবর্তে ভারতের পুরুষ ক্রিকেট দলের নতুন নির্বাচক প্রধান বা চেয়ারম্যান হলেন হ্যাটট্রিক ম্যান চেতন শর্মা। বৃহস্পতিবার এই পরিবর্তনের কথা বিসিসিআই-কে জানিয়েছে মদন লাল, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। আহমেদাবাদে বোর্ডের সাধারণ সভার বৈঠক শেষে এক বিবৃতি জারি করে এ কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

১৯৮৭-এর বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক করা চেতন শর্মাকে নির্বাচন কমিটির শীর্ষ পদে বসালেও, সুনীল জোশীকে কমিটি থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়নি। হরবিন্দর সিং ও তাঁকে বিরাট কোহলিদের নিবার্চন কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে এই প্যানেলে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার দেবাশিস মোহান্তি ও আবেয় কুরুভিল্লা-কে অন্তর্ভূক্ত করা হয়েছে। চেয়ারম্যান চেতন শর্মা সহ মোট পাঁচ সদস্যের নির্বাচন কমিটির এক বছরের কাজের সাফল্য খতিয়ে দেখবে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। তার ভিত্তিতে তৈরি রিপোর্ট বিসিসিআইয়ের শীর্ষ কমিটির কাছে পেশ করবেন মদন লালরা।
ভারতের পুরুষ ক্রিকেট দলের নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে বসতে চেয়ে এগারো জনের আবেদন জমা পড়েছিল। অজিত আগারকর, আবেয় কুরুভিল্লা, নয়ন মোঙ্গিয়া, মনিন্দর সিং, বিজয় দাহিয়া, অজয় রাতরা, নিখিল চোপড়া, শিবসুন্দর দাস, দেবাশিস মোহান্তি ও রণদেব বোস ছিলেন সেই তালিকায়। জুম কলের মাধ্যমে প্রত্যেক প্রার্থীর সঙ্গে আলাদা করে কথা বলে মদন লাল নেতৃত্বাধীন সিএসি। শেষে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হন দেশের প্রাক্তন ফাস্ট বোলার চেতন শর্মা।
দেশের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি ওয়ান ডে ম্যাচ থেলেছেন চেতন। সিনিয়রিটি ও টেস্ট ম্যাচের সংখ্যার নিরিখেই তাঁকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।












Click it and Unblock the Notifications