Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে থাকবে চমক, তিন সিনিয়রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে ১২ জানুয়ারি। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর ভারত মাত্র ৬টি ওডিআই খেলেছে।
এই পরিস্থিতিতে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েই দল গঠনের সম্ভাবনা। রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিশ্চিত। যদিও তিন সিনিয়রের ওডিআই ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

এই ক্রিকেটাররা হলেন লোকেশ রাহুল, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে শামি ও জাদেজা ছিলেন না। রাহুল থাকলেও শ্রীলঙ্কা সফরে সিরিজ চলাকালীনই একাদশ থেকে বাদ পড়েন ব্যাট হাতে মিডল অর্ডারে ভরসা দিতে না পারায়।
২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৬ রান করেছিলেন ১০৭ বল খেলে। দক্ষিণ আফ্রিকায় একটি হাফ সেঞ্চুরি করেন। কিন্তু গত অগস্টে শ্রীলঙ্কা সফরে ৩১ ও ০ রান করার পর তৃতীয় ম্যাচে বাদ পড়েন। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে হেরেও যায়।
ব্যাটার হিসেবে রাহুলের ভারতীয় দলে জায়গা হবে না। যশস্বী জয়সওয়াল থাকবেন। সেক্ষেত্রে শুভমান গিল ও রোহিত শর্মা ওপেন করবেন, ব্যাক-আপ যশস্বী। ঋষভ পন্থও দলে থাকবেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দৌড়ে থাকতে পারেন রাহুল।
ঈশান কিষাণ বিজয় হাজারে ট্রফিতে আহামরি কিছু করতে পারেননি। সঞ্জু স্যামসনকে খেলায়নি কেরল। তবে গম্ভীরের পছন্দ স্যামসন। সে কারণে সঞ্জুকে নেওয়া হলে রাহুল বাদ পড়বেন।
একদিনের আন্তর্জাতিকের দলে রবীন্দ্র জাদেজার জায়গাও সুনিশ্চিত নয়। তাঁর চেয়ে অনেক এগিয়ে অক্ষর প্যাটেল। তিনি সাদা বলের ক্রিকেটে ব্যাটে-বলে যথেষ্ট সফল। ওয়াশিংটন সুন্দরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেন।
কুলদীপ যাদব ফিট হওয়ার পথে। তবে বিজয় হাজারে ট্রফিতে খেলেননি। কুলদীপকে যদি বিবেচনা করা না হয়, তাহলে রবি বিষ্ণোই বা বরুণ চক্রবর্তীর মধ্য়ে একজন দলে থাকবেন বলে খবর। মহম্মদ শামি বিজয় হাজারে ট্রফির শেষ ২টি ম্যাচে ৮ ওভার করে বল করেছেন।
জসপ্রীত বুমরাহ যদি ফিট না হন তাহলে শামির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে। দৌড়ে রয়েছেন আবেশ খানও। হার্দিক পাণ্ডিয়া সিম বোলিং অলরাউন্ডার। তাঁর সঙ্গে নীতীশ কুমার রেড্ডিকে রাখা হয় কিনা সেটাও দেখার। রিজার্ভ ব্য়াটার হিসেবে রিঙ্কু সিং ও তিলক বর্মার মধ্যে একজনকে রাখা হতে পারে।
ভারতের সম্ভাব্য দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল বা সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী বা রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর,জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, আবেশ খান বা মহম্মদ শামি, রিঙ্কু সিং বা তিলক বর্মা।












Click it and Unblock the Notifications