মুম্বইয়ের বিরুদ্ধে ভুবনেশ্বরের সার্ভিস পাচ্ছে না হায়দরাবাদ
পিঠে চোট তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে পারছেন না ভুবনেশ্বর কুমার। ভুবির না খেলার কথা জানিয়ে দেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। আইপিএলের একাদশ সংস্করণের শুরুটা ভাল করলেও হঠাৎই ছন্দ পতন ঘটে হায়দরাবাদে। আইপিএলের প্রথম তিনটি ম্যাচে জয় পাওয়া সানরাইজার্স দল জয়ের ট্র্যাক থেকে বেলাইন হয় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও জয় আসেনি হায়দরাবাদ শিবিরে।

এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের চিন্তা আরও কিছুটা বাড়িয়ে দিলেন দলের নির্ভরযোগ্য পেসার ভুবনেশ্বর কুমার। পিঠের ব্যথার কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভুবির সার্ভিস থেকে বঞ্চিত হতে হবে হায়দরাবাদকে। রোহিত শর্মার দলের বিরুদ্ধে ভুবিকে না পাওয়ার কথা জানান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। সাংবাদিকদের তিনি বলেন, 'পিঠের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাওয়া যাবে না ভুবনেশ্বর কুমারকে। ও দলের সঙ্গে মুম্বই আসেনি।'
টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ভুবিকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন দলের ফিজিও।
উল্লেখ্য, সহ অধিনায়কেত্বের পাশাপাশি প্রতিটি ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেওয়ার ভার থাকত ভুবনেশ্বরের উপর। দলের অন্যন্য বোলারদের খারাপ পারফরম্যান্সের মধ্যেও দলকে প্রতিটি ম্যাচে নির্ভরতা দিয়ে এসেছেন ভুবি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে চার ম্যাচ খেলে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা ৬টি। ফলে দলের অন্যতম নির্ভরযোগ্য তারকাকে ছাড়া মুম্বই বধের কাজটা যে বেশ কঠিন হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications