BGT 2023: বিরাট কিংবা স্টিভ, অশ্বিন-জাদেজা থেকে শামি টেস্টে একাধিক নজির গড়তে চলেছেন, জানুন বিস্তারিত
ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ বৃহস্পতিবার শুরু হচ্ছে নাগপুরে। এই সিরিজে একাধিক ক্রিকেটার বিভিন্ন মাইলস্টোন স্পর্শের মুখে। একনজরে তালিকা।
নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজ যেমন ঠিক করে দেবে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে কিনা, কিংবা ভারত বিশ্বের ১ নম্বর টেস্ট দল হতে পারবে কিনা, তেমনই একাধিক ক্রিকেটার দাঁড়িয়ে নানা মাইলস্টোনের সামনে।

বিরাট কোহলি
বিরাট কোহলি কোন কোন নজির গড়তে পারেন আসন্ন টেস্ট সিরিজে, তা প্রথমে দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করতে কিং কোহলির দরকার মাত্র ৬৪ রান। বিশ্বের ষষ্ঠ ও দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলস্টোন তিনি স্পর্শ করতে চলেছেন। বিরাট কোহলি দেশের মাটিতে ৪৬টি টেস্টে ৩৮৪৭ রান করেছেন। ফলে সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেহওয়াগের পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে দেশের মাটিতে টেস্টে ৪ হাজার রান তিনি পূর্ণ করতে চলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিকে বিরাট ৩৬ ইনিংসে ১৬৮২ রান করেছেন। ফলে ছন্দে থাকলে তিনি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারবেন।

চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারা ৯৮টি টেস্ট খেলেছেন। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি শততম টেস্ট খেলার নজির গড়ার মুখে। পূজারা বর্ডার-গাভাসকর ট্রফিতে ২০টি টেস্টে ১৮৯৩ রান করেছেন। তিনিও বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এর আগে অজিদের বিরুদ্ধে ২ হাজার রান করেছেন।

রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্টে সাড়ে চারশো উইকেটের মালিক হতে চলেছেন। এ জন্য দরকার ১টি উইকেট। বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনি ৮৯টি উইকেট নিয়েছেন। বল হাতে ভেল্কি দেখালে অনিল কুম্বলের ১১১টি উইকেটের রেকর্ডও তিনি ভেঙে দিতেই পারেন। নাথান লিয়ঁকেও তাড়া করেছেন অশ্বিন। কুম্বলের পর থাকা হরভজন এই দুই স্পিনারের কাছে পিছিয়ে পড়তে পারেন।

রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে ফিরছেন। তিনি টেস্টে ২৪২টি উইকেট নিয়েছেন। অষ্টম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট দখল করতে তাঁর দরকার ৮টি শিকার।

মহম্মদ শামি
মহম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম শিকার ছিনিয়ে নেওয়ার দোরগোড়ায়। ভারতীয় পেসারের এ জন্য প্রয়োজন আর ১টি উইকেট। নবম ভারতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়তে চলেছেন শামি।

স্মিথ ও লিয়ঁ
স্টিভ স্মিথ বর্ডার-গাভাসকর ট্রফিতে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলতেই পারেন আসন্ন চার টেস্টের সিরিজে। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ডটিও গড়তে চলেছেন স্মিথ। বর্ডার-গাভাসকর ট্রফিতে আর একটি শতরান পেলেই তিনি ধরে ফেলবেন সচিন তেন্ডুলকরকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সচিনের শতরানের সংখ্যা ৯টি, স্টিভ স্মিথের রয়েছে ৮টি শতরান। নাথান লিয়ঁ ভারতের বিরুদ্ধে ২২টি টেস্টে ৯৪ উইকেট নিয়েছেন। তিনিও চাইবেন ৯৫ উইকেট নেওয়া হরভজনকে টপকে অনিল কুম্বলের রেকর্ডটি তাড়া করতে। মুথাইয়া মুরলীধরনের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ভারতের বিরুদ্ধে ১০০টি উইকেট তুলতে লিয়ঁর দরকার ৬টি উইকেট।












Click it and Unblock the Notifications