রঞ্জি ট্রফি সেমিফাইনালে মধ্যপ্রদেশকে শক্ত চ্যালেঞ্জ বাংলার, ময়াঙ্কের দ্বিশতরানে অ্যাডভান্টেজ কর্নাটক
রঞ্জি ট্রফি সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৪৩৮ করার পর দ্বিতীয় দিনের শেষ অবধি ২টি উইকেটও তুলে নিয়েছে বাংলা। সৌরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিশতরান করলেন কর্নাটক অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলল বাংলা। যদিও প্রথম ইনিংসে মনোজ তিওয়ারির দল আরও কিছুটা বেশি রান তুলে ফেললে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারতো। প্রথম ইনিংসে বাংলার ৪৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ২ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে।

সুবিধাজনক জায়গায় বাংলা
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে গতকাল বাংলার স্কোর ছিল ৮৭ ওভারে ৪ উইকেটে ৩০৭ রান। মনোজ তিওয়ারি ৫ ও শাহবাজ আহমেদ ৬ রানে অপরাজিত ছিলেন। ৯৫ ওভারের শেষ বলে এদিন আউট হন শাহবাজ। ৩৬ বলে ১৪ রান করে তিনি গৌরব যাদবের বলে হিমাংশু মন্ত্রীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বাংলার পঞ্চম উইকেটটি পড়েছিল ৩২৩ রানের মাথায়। এরপর স্কোরকে চারশো পার করে দেন মনোজ তিওয়ারি ও অভিষেক পোড়েল।
|
বাংলার ৪৩৮
পাঁচটি চারের সাহায্যে ১২৯ বলে ৪২ রান করে কুমার কার্তিকেয়র শিকার হন বাংলার অধিনায়ক মনোজ। ১২৩.৫ ওভারে তিনি আউট হবে বাংলার স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৪০১। ১৩২.৫ ওভারে দলের ৪১৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অভিষেক পোড়েল। তিনি ৮টি চারের সাহায্যে ১০২ বলে ৫১ রান করে রান আউট হন। ৪২৯ রানে অষ্টম, ৪৩৭ রানে নবম উইকেট পড়ার পর বাংলার প্রথম ইনিংসে যবনিকা পতন হয় ৪৩৮ রানে। ফলে মনোজের আউটের পর ৩৭ রানের মধ্যেই পড়ে পাঁচটি উইকেট। আকাশ দীপ ৬ ও ঈশান পোড়েল শূন্য রানে কুমার কার্তিকেয়র শিকার হন। কার্তিকেয় ৯৫ রানের বিনিময়ে তিনটি এবং গৌরব যাদব ও অনুভব আগরওয়াল ২টি করে উইকেট নেন। তিনটি মেডেন-সহ ৩১ ওভারে ১১১ রান দিয়ে ১ উইকেট দখল করেন আবেশ খান। একটি উইকেট পেয়েছেন সারাংশ জৈন।
|
চাপে মধ্যপ্রদেশ
জবাবে খেলতে নেমে সাবধানী ব্যাটিং শুরু করেন মধ্যপ্রদেশের ওপেনাররা। প্রথম উইকেটের জন্য বাংলাকে অপেক্ষা করতে হয় ১৮তম ওভার পর্যন্ত। ১৭.৩ ওভারে প্রথমে যশ দুবে কট বিহাইন্ড হন আকাশ দীপের বলে। তিনি ৪৪ বলে ১২ রান করেন। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর মধ্যপ্রদেশের দ্বিতীয় উইকেটটি পড়ে ২৫তম ওভারের শেষ বলে ৪৩ রানে। ৮৭ বলে ২৩ রান সংগ্রহ করেন হিমাংশু মন্ত্রী। তাঁকে ফেরান ঈশান পোড়েল। দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে। সারাংশ জৈন ২৯ বলে ১৭ ও অনুভব আগরওয়াল ৪ রানে ক্রিজে রয়েছেন। মধ্যপ্রদেশের হয়ে খেলছেন রজত পাটীদার ও ভেঙ্কটেশ আইয়ার। ফলে প্রথম ইনিংসে লিড সুনিশ্চিত করতে কাল অগ্নিপরীক্ষা বাংলার বোলারদের সামনে। এখনও বাংলা এগিয়ে ৩৮২ রানে।

ময়াঙ্কের দ্বিশতরান
বেঙ্গালুরুতে রঞ্জির অপর সেমিফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় কর্নাটক। প্রথম ইনিংসে কর্নাটক তোলে ৪০৭ রান। ওপেন করতে নেমে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ২৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪২৯ বলে ২৪৯ রান করেন। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে সৌরাষ্ট্র তুলেছে ৭৬ রান।












Click it and Unblock the Notifications