সিএবি-র বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ব্যারাকপুর, সুদীপরা এবার প্রস্তুতি ম্যাচ খেলবেন বিজয়ওয়াড়ায়
সিএবি আয়োজিত বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হল ব্যারাকপুর ব্যাশার্স। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে কলকাতা হিরোজকে ৫ রানে হারিয়ে খেতাব জিতেছে সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে সুদীপ চট্টোপাধ্যায়ের ফর্ম স্বস্তি দিচ্ছে বাংলার ক্রিকেট দলকেও।

বৃষ্টির কারণে ফাইনাল ২০ ওভারের করানো যায়নি, ১৫ ওভার করে খেলা হয়। টস জিতে ব্যাট করতে নেমে সুদীপ চট্টোপাধ্যায়ের ৩৫ বলে ৬২ ও অঙ্কুর পালের ৪২ বলে ৬১ রানের দৌলতে ব্যারাকপুর তুলেছিল উইকেটে ১৫৪ রান। ৯.২ ওভারে ১০০ রান হয়ে গিয়েছিল ব্যারাকপুরের। সুদীপ ও অঙ্কুরের জুটিতে ওঠে ১১২ রান। কৌশিক মাইতি ব্যারাকপুরের দুই ওপেনারের উইকেট নেন। জবাবে ৬ উইকেটে ১৪৯ রানের বেশি এগোতে পারেনি কলকাতা হিরোজ। করণ লাল ৪৯ রান করেন। শুভঙ্কর বল ১২ বলে ২৮ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। মুকেশ কুমারের শেষ ওভারে শেষ চার বলে তিনটি ছক্কা ও ১টি চার মারেন শুভঙ্কর। শেষ ওভারে ২৩ রান এলেও তা কলকাতার জেতার পক্ষে পর্যাপ্ত ছিল না। সুজিত যাদব নেন ২টি উইকেট।

চারটি চার ও চারটি ছক্কা মেরে বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জে টানা চতুর্থ অর্ধশতরান করলেন সুদীপ। মরশুম শুরুর আগে সিএবি এই টুর্নামেন্ট আয়োজন করায় খুশি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। নিজের ফর্ম নিয়েও আশ্বস্ত তিনি। প্রথম তিনটি ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে দল কামব্যাক করায় সতীর্থদের প্রশংসা করেন সুদীপ। বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জে ৪৭৮ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সুদীপ। ফাইনালে দুটি উইকেট নিয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৪টি উইকেট দখল করেন সুজিত যাদব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় প্রমুখ। ফাইনালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা অনূর্ধ্ব ২৩ দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। বৃষ্টির মধ্যেও এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মাঠকর্মীদের তৎপরতার কারণেই। ইডেনের নিকাশি ব্যবস্থা এখন আগের চেয়ে উন্নত। সবথেকে গোটা মাঠ ঢাকার ব্যবস্থা থাকায় বৃষ্টি থামলেই মাঠ দ্রুত খেলার উপযুক্ত করে খেলা চালানো সম্ভব হচ্ছে।

এদিকে, আসন্ন মরশুমের আগে বিজয়ওয়াড়ায় কাল থেকে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলার ক্রিকেটাররা। সিএবি একাদশে যে ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন তাঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চট্টোপাধ্যায়, কাজী জুনেইদ সৈফি, অভিষেক দাস, অঙ্কুর পাল, ঋত্ত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিং খাবড়া, কাইফ আহমেদ, সাকির হাবিব গান্ধী, শুভঙ্কর বল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সুজিত যাদব, প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কুমার, মহম্মদ কাইফ, সায়নশেখর মণ্ডল, কণিষ্ক শেঠ, গীত পুরী, অলোকপ্রতাপ সিং ও সায়ন ঘোষ। দলের চিফ কোচ অরুণ লাল, কোচ সৌরাশিস লাহিড়ী।
ছবি- সিএবি মিডিয়া












Click it and Unblock the Notifications