IND vs BAN: দিল্লিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতল বাংলাদেশ, প্রথমে ব্যাটিং ভারতের, দুই দলে খেলছেন কারা?
IND vs BAN: গোয়ালিয়রে প্রথম টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশকে চূর্ণ করার পর, আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত। দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ভারতীয় একাদশে কোনও পরিবর্তন আনা হয়নি।
বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে। সূর্যকুমার যাদব বলছেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাই স্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনাই বেশি। অফ-সাউডের বাউন্ডারি ৫৫ মিটারের, লেগ সাইডে ৬৩ মিটারের। ফাইন বাউন্ডারি একদিকে ছোট, আরেকদিকে তুলনায় বড়। চলতি বছরের আইপিএলে হামেশাই এই স্টেডিয়ামে ২০০-র উপর রান উঠেছিল।
পিচ রিপোর্ট দিতে গিয়ে অভিনব মুকুন্দ জানান, উইকেট বেশ শক্ত। তবে বোলারদের জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করছে বলেই মনে হচ্ছে। টস জিতলে বোলিং নিতেই চাইবে সংশ্লিষ্ট দল। যদিও এই স্টেডিয়ামে শেষ পাঁচটি ম্যাচে প্রথমে ব্যাট করা দলই জিতেছে। মুকুন্দের আভাস মিললে, বাংলাদেশের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বেশ কঠিন।
সূর্যকুমার বলেন, আগের ম্যাচে আমরা প্রথমে বোলিং করেছি। এখানে কিউরেটর, মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি শিশির পড়ার কথা। ফলে ভিজে বলে বোলাররা কেমন বল করেন সেটা দেখে নিতেই আজ আমাদের টস জিতলে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল। ফলে টস হারলে ভারতের পরিকল্পনায় ধাক্কা লাগেনি, দাবি সূর্যর।
উইকেট দেখে ভালোই মনে হয়েছে ভারত অধিনায়কের। দলের ক্রিকেটারদের নিয়েও খুশি তিনি। ভারত এই ম্যাচের একাদশে কোনও পরিবর্তন আনেনি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, ডিউ ফ্যাক্টর হবে দ্বিতীয় ইনিংসে। বড় স্কোর হবে বলেই তাঁর ধারণা। উইকেটকে শান্তও ভালো বলছেন।
দিল্লিতে এর আগে বাংলাদেশ দুটি টি২০ আন্তর্জাতিক জিতেছে। সেই পরিসংখ্যান থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজছে বাংলাদেশ। টপ অর্ডারের থেকেও বড় রান প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক। দলে একটিই পরিবর্তন হয়েছে। শরিফুল ইসলামকে বাইরে রেখে তানজিম হাসান সাকিবকে খেলাচ্ছে বাংলাদেশ।
ভারত- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ময়াঙ্ক যাদব।
বাংলাদেশ- পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।












Click it and Unblock the Notifications