Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে বিভাজন? মাশরাফিকে বয়কট, লিটনকে নিয়ে গুজব, শাকিব মজে ক্রিকেটে
Bangladesh Cricket: বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তবুও বাংলাদেশে থামেনি অশান্তি।
এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেটেও বড় বিভাজন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের স্বাধীন বলে পোস্ট করছেন ফেসবুকে। মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ি, শাকিব আল হাসানের পার্টি অফিস পোড়ানো সত্ত্বেও।

মাশরাফি বিন মোর্ত্তজা, শাকিব আল হাসান বাংলাদেশে হওয়া সর্বশেষ নির্বাচনে আওয়ামি লিগের প্রতীকে জিতে জাতীয় সংসদের সদস্য হন। মাশরাফি এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও, শাকিব রয়েছেন কানাডায়। তিনি সেখানে গ্লোবাল টি২০ কানাডায় খেলছেন।
শাকিবের পার্টি অফিস যেদিন পুড়েছে সেদিন শাকিব বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। বল হাতে ১ উইকেট তোলার পাশাপাশি ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে। শাকিবের আপাতত বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন, যে ছবিতে বাংলাদেশের পতাকার মাঝে লেখা স্বাধীন। তিনি ফেসবুকে লিখেছেন, "তারুণ্যের কেতনে বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি হলো আমার প্রিয় বাংলাদেশ। শতশত প্রাণের বিনিময়ে পাওয়া এ এক নতুন বাংলাদেশ। স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের প্রতি যাঁরা তাঁদের তাজা জীবন বিসর্জন দিয়েছেন ও যাঁরা আক্রান্ত হয়েছেন। হ্যাটস অফ ডিয়ার নিউ জেনারেশন।"
তার পরেই আরেকটি বার্তায় তিনি লিখেছেন, "দেশের সম্পদ কেউ দয়া করে নষ্ট করবেন না ও কোনও ধরনের হিংসাত্মক তৎপরতা বিরাজমান ঝেড়ে ফেলুন এবং সম্প্রতির বাংলাদেশের পথে থাকুন একই সাথে সকল ধর্মে'র মানুষজন যেনো বাঙ্গালী হিসেবে একসাথে শান্তি নিয়ে বেঁচে থাকতে পারি, সবার অবস্থান হতে তা রক্ষা সকলেরই একান্ত নৈতিক দায়িত্ব। সবাইকে লাল সালাম।"
বাংলাদেশের হয়ে তিন বছর আগে শেষ ম্যাচ খেলা পেসার রুবেল হোসেন ফেসবুকে সদ্যোজাত কন্য়াসন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম। এদিকে, মাশরাফি বিন মোর্ত্তজাকে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেওয়া হয়েছে। ফলে তাঁর ফলোয়ার কমেছে কয়েক লক্ষ।
সোশ্যাল মিডিয়ায় সৌম্য সরকার, লিটন দাসদের বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন না করা নিয়ে সমালোচনার ঝড় বইছে। গুজবও ছড়াচ্ছে। কয়েকজন সোশ্যাল মিডিয়ায় মাশরাফির বাড়ি পোড়ানোর ছবি দিয়ে ফেসবুকে লেখেন, লিটনের বাড়িতে আগুন ধরানো হয়েছে। যদিও তা গুজব বলেই জানা গিয়েছে। এই ধরনের ঘটনার প্রতিবাদও করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications