IND Wom vs AUS Wom: জেমাইমার লড়াই ব্যর্থ, প্রথম ওডিআইয়ে হরমনপ্রীতের ভারতকে হারাল অস্ট্রেলিয়া
IND Wom vs AUS Wom: অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে টেস্ট জয়ের পর একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হতেই হোঁচট খেল ভারত। আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম ওডিআইয়ে অস্ট্রেলিয়ার জয় ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত সমীহযোগ্য রান তুললেও সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তুলেছিল। সাতটি চারের সাহায্যে পাঁচে নামা জেমাইমা রডরিগেজ ৭৭ বলে ৮২ রান করেন। ওপেনার যস্তিকা ভাটিয়া ৬৪ বলে ৪৯ রান করেন। শেফালি ভার্মা ১, রিচা ঘোষ ২১, হরমনপ্রীত কৌর ৯, দীপ্তি শর্মা ২১, আমনজ্যোৎ কৌর ২০, স্নেহ রানা ১ রান করেন।
নয়ে নেমে পূজা বস্ত্রকার সাতটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন রেণুকা সিং। অ্যাশলে গার্ডনার ও জর্জিয়া ওয়েরহ্যাম ২টি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নেন ডার্সি ব্রাউন, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিং।
জবাবে খেলতে নেমে শূন্য রানে অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট হারিয়েছিল অজি প্রমীলা-বাহিনী। যদিও ৪৬.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওপেনার ফোয়েব লিচফেল্ড ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৮৯ বলে ৭৮ রান করে ম্যাচের সেরা হন। এলিস পেরি ৭৫, বেথ মুনি ৪২ রান করেন। তাহলিয়া ম্যাকগ্রা ৫৫ বলে ৬৮ ও গার্ডনার ৭ রানে অপরাজিত থাকেন।
রেণুকা সিং, পূজা বস্ত্রকার, স্নেহ রানা ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট নিয়েছেন। শনিবার দ্বিতীয় ও ২ জানুয়ারি তৃতীয় একদিনের আন্তর্জাতিক। হরমনপ্রীত কৌর বলেন, আমরা পর্যাপ্ত রান তুলতে পেরেছিলাম। বোলাররা তাঁদের দায়িত্ব পালন করলেও ফিল্ডিং ভালো হয়নি। ডিউ ফ্যাক্টর হলেও বোলাররা ভালোই বোলিং করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া যেখানে ফিল্ডিংয়ে অনেক রান বাঁচিয়েছে, সেখানে আমাদের ফিল্ডিং দেখে মোটেই সন্তুষ্ট নই। পূজা ভালো ব্যাট করেছেন। তবে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়াতে হবে।












Click it and Unblock the Notifications