টি ২০ বিশ্বকাপে এবার নতুন চ্যাম্পিয়ন! ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথে এগিয়ে কারা?
কাল দুবাইয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১০ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর ফের এই প্রথম টি ২০ বিশ্বকাপ ফাইনালে অজিরা। নিউজিল্যান্ড প্রথমবার। ফলে এবারের বিশ্বকাপ উপহার দেবে নতুন চ্যাম্পিয়নকে। নিউজিল্যান্ড ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল। চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জেতে। আইসিসি ইভেন্টে টানা ফাইনাল খেলার নিরিখে হ্যাটট্রিক করতে চলেছে কেন উইলিয়ামসনের দল।

পারস্পরিক দ্বৈরথ
টি ২০-তে বিশ্বের ১ নম্বর দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া বিশ্বের ২ নম্বর দল পাকিস্তানের চলতি বিশ্বকাপ ও সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে দুরন্ত গতিতে চলা বিজয়রথ থামিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হয়েছে ১৪ বার। ৯ বার জিতেছে অস্ট্রেলিয়া, একটি সুপার ওভারের জয়-সহ পাঁচটিতে জিতেছে কিউয়িরা। টি ২০ আন্তর্জাতিকে প্রথম সাক্ষাতে জয়ী হয়েছিল অজিরাই। টি ২০ বিশ্বকাপে অবশ্য দুই দল একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৪২ রান তুলেছিল, অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়ে ১৩৪ রানের বেশি এগোতে পারেনি। মিচেল ম্যাকলেনাঘান ১৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন, কোরে অ্যান্ডারসন ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ে ভূমিকা রাখেন।

ফাইনালে শেষবার
বিশ্বকাপ ফাইনালে শেষবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। ৫০ ওভারের বিশ্বকাপে সেবার কিউয়িদের হারিয়ে কাপ জেতে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্যায়ে অজিদের ব্রেন্ডন ম্যাকালামের দল হারালেও ফাইনালে বাজিমাত করে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ফাইনালে ১৮৩ রান তুলেছিল, অজিরা সাত উইকেটে ম্যাচ জিতে পঞ্চমবারের জন্য বিশ্বকাপের দখল নেয়। মিচেল জনসন ও জেমস ফকনার তিনটি করে উইকেট দখল করেছিলেন, মিচেল স্টার্ক নেন দুটি উইকেট।

অস্ট্রেলিয়ার সেরা পারফর্মার যাঁরা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ দুটি অর্ধশতরান-সহ সাতটি ইনিংসে সর্বাধিক ২৫১ রান করেছেন। ৯টি ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েল ২০৬ ও ডেভিড ওয়ার্নার ১৫৮ রান করেছেন কিউয়িদের বিরুদ্ধে। অজি বোলারদের মধ্যে কিউয়িদের মধ্যে সেরা বোলিং ফিগার অ্যাস্টন অ্যাগারের, ১৩ উইকেট নেন, সেরা বোলিং ৩০ রানে ৬ উইকেট। অবাক করার মতো বিষয় হল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলবেন দুবাইয়েই।

নজর রাখুন গাপটিলদের দিকে
অজিদের বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১২টি ইনিংসে তিনি করেছেন ৪৩৫ রান, একটি শতরান ও দুটি অর্ধশতরান পেয়েছেন। যে ম্যাচে গাপটিল ৫৪ বলে ১০৫ করেছিলেন সেই ম্যাচে অস্ট্রেলিয়া ২৪৪ রানের লক্ষ্যমাত্রা সফলভাবে তাড়া করে জিতেছিল, সাত বল হাতে রেখে পাঁচ উইকেটে। ডেভন কনওয়ে ফাইনালে নেই, তবে চলতি বছর তিনি পাঁচ ম্যাচে ১৯২ রান করেন, সর্বাধিক অপরাজিত ৯৯। অজিদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ইশ সোধি ৯ ম্যাচে সর্বাধিক ১৬ উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট ১০টি, মিচেল স্যান্টনার ও টিম সাউদি ৯টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications