WPL: মহিলাদের প্রিমিয়ার লিগে নেতৃত্বের নিরিখে এগিয়ে অস্ট্রেলীয়রাই, জয় জনসমক্ষে আনলেন ম্যাসকট 'শক্তি'
মহিলাদের প্রিমিয়ার লিগে পাঁচটি দলের মধ্যে তিনটিতেই অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিকেটার। মেগ ল্যানিংকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হলো।
মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু শনিবার থেকে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচ দলের অধিনায়কদের নাম। নেতৃত্বের নিরিখেও দাপট টি ২০ বিশ্বকাপ সবচেয়ে বেশি জেতা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মেগ ল্যানিং।

দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ল্যানিং
মেগ ল্যানিংয়ের নেতৃত্বেই অস্ট্রেলিয়া চারবার টি ২০ বিশ্বকাপ জিতেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের পরাস্ত করে কাপ জিতেছে। সেমিফাইনালে ল্যানিংয়ের দলের কাছে হেরে গিয়েছিল হরমনপ্রীত কৌরের ভারত। সেই ল্যানিংকে অধিনায়ক করে চমক দিল দিল্লি ক্যাপিটালস। বিশ্বকাপ শেষে আজই মুম্বই পৌঁছেছেন ল্যানিং। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রথমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পারা এবং সেই সঙ্গে দলকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে গৌরবের মুহূর্ত। নিজের সেরাটা দিয়ে উপভোগ করতে চাই।
|
চারটি টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক
মেগ ল্যানিং ১৩২টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৩৪০৫ রান করেছেন, দুটি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। গড় ৩৬.৬১, স্ট্রাইক রেট ১১৬.৩৭। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিনি অস্ট্রেলিয়াকে টি ২০ আন্তর্জাতিকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন জেমাইমা রডরিগেজ। ৫ মার্চ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ডব্লুপিএলে নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্মুখীন হবে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, অস্ট্রেলিয়ার টি ২০ আন্তর্জাতিক ফরম্যাটে সাফল্যের বড় কারণ মহিলাদের বিগ ব্যাশ। একইভাবে ল্যানিং আশাবাদী, ডব্লুপিএল ভারতের মহিলা ক্রিকেটকে আরও জনপ্রিয় করে উন্নত পর্যায়ে নিয়ে যাবে।

অস্ট্রেলীয়দের দাপট
মহিলাদের প্রিমিয়ার লিগে দল রয়েছে ৫টি। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স হরমনপ্রীত কৌর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করেছে। বাকি তিনটি দলেরই অধিনায়ক অস্ট্রেলীয়। ল্যানিং দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে। বেথ মুনিকে অধিনায়ক করেছে গুজরাত জায়ান্টস। অ্যালিসা হিলি নেতৃত্ব দেবেন ইউপি ওয়ারিয়রজকে।
|
ম্যাসকট 'শক্তি'
এদিকে, আজই মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাসকট শক্তি-কে জনসমক্ষে এনেছেন বিসিসিআই সচিব জয় শাহ। শনিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ডব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে হাজির থাকবেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি, কৃতী শ্যানন ও গায়ক এপি ধীলোঁ।












Click it and Unblock the Notifications