AUS vs IND: 'হোটেলে সময় না কাটিয়ে অনুশীলনে জোর দিন', ভারতীয় দলকে কড়া বার্তা গাভাসকরের
পারথে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনাটা ভালোভাবেই করেছিল ভারত। কিন্ত তাল কেটে গেল অ্যাডিলেডে এসেই। কারণ পিঙ্ক বলে খেলা হতেই অস্ট্রেলিয়া নিজের ছন্দ ফিরে পেল এবং ভারতকে হেলায় হারাল। ৫ দিনের ম্যাচ সমাপ্ত হল তৃতীয় দিনেই। তৃতীয় টেস্টের আগে অতিরিক্ত পাওয়া দুই দিন হোটেলে না কাটিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনে জোর দেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর।
অ্যাডিলেডে হারের পরই ভারতীয় দলের সমালোচনায় সরব হলেন সুনীল গাভাসকর। ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের নীতিকে কার্যত তুলোধনা করলেন সানি। একইসঙ্গে ম্যাচের আগে প্রস্তুতিতে ভারতীয় দলের ক্রিকেটারদের আরও বেশি দায়বদ্ধতা দেখানোর পরামর্শও দিয়েছেন গাভাসকর।

একইসঙ্গে সানি আরও বলেছেন, আপনি কখনই সারাদিন ধরে অনুশীলন করতে পারবেন না। আপনাকে সকালে হয় বিকেলে অনুশীলন করার জন্য বেছে নিতে হবে। তবে আগামী দুই দিন কখনই সময় নষ্ট করবেন না। অনুশীলনে নিযোগ করুন। এখানে আপনারা টেস্ট ম্যাচ খেলতে এসেছেন। ফলে সেই ম্যাচ ৫ দিন পর্যন্ত হলে আপনাদের সেই প্রস্তুতি নিতে হবে।
একইসঙ্গে বিরাট রোহিতদের ঐচ্ছিক অনুশীলনের নীতির তীব্র সমালোচনা করেছেন সানি। তাঁর কথায়, এই ঐচ্ছিক অনুশীলন সেশন এমন কিছু যা আমি বিশ্বাস করি না। ঐচ্ছিক প্রশিক্ষণের সিদ্ধান্ত অধিনায়ক ও কোচের হাতে থাকা উচিত। অনেকেই ১৫০ করার পর বা ভালো বোলিং করার পর ঐচ্ছিক অনুশীলনের বিকল্প পেলে তঁাদের অনেকেই অনুশীলনে না এসে ঘরে বসেই কাটাতে চাইবে। ছন্দে থাকার জন্য আপনাকে আরও বেশি অনুশীলনে সময় দিতে হবে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এই টেস্ট ভারতের কাছে কঠিন পরীক্ষা। ম্যাচ হারলেই সিরিজ জেতা কঠিন হবে. ড্র করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথও কঠিন হবে। সব মিলিয়ে প্রবল চাপে ভারত।












Click it and Unblock the Notifications