AUS vs IND: বোর্ডের সঙ্গে বৈঠকের পরই বদলে গেল পরিস্থিতি! প্রথম টেস্টে খেলবেন অধিনায়ক রোহিত?
আগামী ২২ নভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। সিরিজের প্রথম ম্যাচে কি খেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? এটাই এখনও সবথেকে বড় প্রশ্ন। প্রতিদিনই নিত্য নতুন আপডেট উঠে আসছে। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি। বোর্ডের ম্যারাথন মিটিংয়ের পর উঠে এল নতুন তথ্য।
শুক্রবার জানা গিয়েছিল ভারতীয় দলের সঙ্গে যাবেন রোহিত শর্মা। ডনের দেশে কয়েকদিন অনুশীলন করে ফের দেশে ফিরে আসবেন। পারথ টেস্টে খেলা নিয়ে তাঁর অনিশ্চয়তা আছে। কিন্তু বোর্ডের বৈঠকের পর পরিস্থিতিতে বদল ঘটেছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উ্ল্লেেখ করা হয়েছে প্রথম টেস্ট খেলতে পারেন রোহিত শর্মা।

মূলত দুই দফায় ১০ এবং ১১ নভেম্বর ভারতীয় দলের সদস্য এবং সাপোর্ট স্টাফরা অস্ট্রেলিয়া যাবেন। প্রথম দফাতেই অস্ট্রেলিয়া যাবেন রোহিত। কয়েকদিন অনুশীলন করে আবার দেশে ফিরে আসার পরিকল্পনা সম্ভবত রোহিত বাতিল করছেন। কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামছে ভারত। ফলে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ০-৩ ফলে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১ নম্বর জায়গা খোয়াতে হয়েছে ভারতকে। বর্তমানে টিম ইন্ডিয়া আছে ২ নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেতেই হবে। কিন্তু অধিনায়ক রোহিত নিজেই প্রথম ম্যাচ না খেললে দলের জন্য তা বড় ধাক্কা হতে পারে।
রোহিতের অনিশ্চয়তার জন্য ভারতীয় দলে বিকল্প ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরণকে নেওয়া হয়েছে। কিন্তু তিনিও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার ইনিংসে ব্যর্থ হয়েছেন। রোহিত একান্ত খেলতে না পারলে প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে পারেন জসপ্রীত বুমরাহ।
কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে শুধুমাত্র একটা ম্যাচে নেতৃত্ব দেওয়া সহজ নয়। ফলে রোহিতকেই সম্ভবত সিদ্ধান্ত বদল করতে হচ্ছে। পারথ-এ রোহিতকে টস করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications