AUS vs IND: হেডকে বোল্ড করে সিরাজের আগ্রাসী ইঙ্গিত, নেটপাড়ায় ঝড়, সমর্থন নেই গাভাসকরের
AUS vs IND: অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে চাপে ভারত। রোহিত শর্মার দলের ১৮০ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৩৭ রান তোলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
পাঁচে নামা ট্রাভিস হেড একাই করেন ১৪১ বলে ১৪০। জবাবে খেলতে নেমে ৮৬ রানের মধ্যে লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি ও শুভমান গিলের উইকেট খুইয়েছে ভারত।

ট্রাভিস হেডের সঙ্গে এদিন বাদানুবাদে জড়ালেন মহম্মদ সিরাজ। হেডকে বিষাক্ত ইয়র্কারে বোল্ড করেন ভারতীয় সিরাজ। হেড আউট হলে সপ্তম উইকেট পড়ে অজিদের, দলগত ৩১০ রানে। আউট করার পর আগ্রাসী সেলিব্রেশন সিরাজের। তাতেই পাল্টা কিছু বলেন হেড।
সিরাজর বলে উইকেট ছিটকে গিয়েছিল। চোখ বড় বড় করে যে ভঙ্গিমায় সিরাজ সেলিব্রেট করেন তাতে মেজাজ ঠিক রাখতে পারেননি হেড। তিনিও সিরাজকে পাল্টা কিছু বলেন। সিরাজও হাত দেখিয়ে তাঁকে মাঠের বাইরে যাওয়ারই ইশারা করেন।
There was a bit happening here between Head and Siraj after the wicket 👀#AUSvIND pic.twitter.com/f4k9YUVD2k
— 7Cricket (@7Cricket) December 7, 2024
এই ভিডিও নেটাগরিকদের মধ্যে ঝড় তুলেছে। ম্যাচের মেজাজ যে চড়া সেটাও বোঝা যাচ্ছে। অনেকেই বলছেন, সিরাজ যা করেছেন ঠিক করেছেন। যদিও সিরাজের আচরণকে সমর্থন করতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।
সিরাজের সঙ্গে হেডের কয়েক সেকেন্ডের এই চড়া বাদানুবাদে অন-ফিল্ড আম্পায়াররা সিরাজের সঙ্গে কথা বলেন। এ জন্য কোনও শাস্তির মুখে পড়তে হবে কিনা সেটা পরে স্পষ্ট হবে। সিরাজকে শান্ত রাখার চেষ্টা করেন ভারতীয় প্লেয়াররাও।
অ্যাডিলেড ওভাল ট্রাভিস হেডের ঘরের মাঠ। তিনি লোকাল হিরো। ১৪০ রানের ইনিংস খেলে ভারতকে ব্যাকফুটে ঠেলেছেন। গাভাসকরের কথায়, সিরাজ যেটা করেছেন সেটা অপ্রয়োজনীয়। কারণ, হেড ১৪০ রান করেছেন। চার, পাঁচ রানে আউট হননি।
স্টার স্পোর্টসে গাভাসকর আরও বলেন, ১৪০ রান করা প্লেয়ারকে আউট করে মাঠের বাইরে যাওয়ার ইশারা করা কোনওভাবেই মানা যায় না, এটা পুরোপুরি অনভিপ্রেত। ট্রাভিস হেড লোকাল হিরো। শতরান করে দর্শকদের নয়নের মণি। তাঁর ইনিংসের প্রশংসা করে বাহবাসূচক ইঙ্গিত সিরাজকেও দর্শকদের কাছে জনপ্রিয় করতে পারতো। কিন্তু তিনি যা করলেন তাতে ভিলেন হয়ে গেলেন। ১-২ রানে আউট করলে এমন আচরণ তবু মানা যেত।
ম্যাথু হেডেন বলেছেন, সিরাজ হৃদয় উজাড় করে বোলিং করছেন। ফলে আবেগ ও প্যাশন থেকেই এমনটা করেছেন। তবে হেড এখানে লোকাল হিরো। তিনি ১৪০ রান করেছেন। সিরাজ সংযত ও নম্র থাকলেই ভালো করতেন।
এদিকে, ভারত অ্যাডিলেড টেস্টে খাদের কিনারা। ৭১ রানে পিছিয়ে থাকা অবস্থায় প্রথম চার ব্যাটার সাজঘরে ফিরেছেন। যশস্বী জয়সওয়াল ২৪, লোকেশ রাহুল ৭, শুভমান গিল ২৮ ও বিরাট কোহলি ১১ রান করে আউট। স্কট বোল্যান্ড ২টি, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications