AUS vs IND: সিডনিতে লজ্জার দিনে সিরিজ-সেরা বুমরাহ, ভারতের কীর্তি ছুঁল অস্ট্রেলিয়া
AUS vs IND: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে ভারতের অপেক্ষা বাড়ল আরও ২ বছর। এই প্রথমবার ICC WTC ফাইনালে উঠতে পারল না ভারত।
২০২১ সালে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। ২০২৩ সালের ফাইনালে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে টেস্ট এবং ১-৩ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল ভারতের ICC WTC ফাইনালে যাওয়ার আশা। পরপর দু-বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ভারতের নজির এদিন স্পর্শ করল অস্ট্রেলিয়া। জুনে লর্ডসে খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে ভারত।
২০১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিয়েছিল ভারত। আজ তা হাতছাড়া হলো। ১০ বছর পর অজিরা জিতল এই ট্রফি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল জেতার পর এই প্রথম ভারতকে পরাস্ত করে বর্ডার-গাভাসকর ট্রফি ধরার স্বাদ পেলেন অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতের এই হতাশার দিনে জসপ্রীত বুমরাহ ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ-সেরা হলেন। ব্যাক স্প্যাজম বাধা না হয়ে দাঁড়ালে অজিদের দ্বিতীয় দিনে উইকেট-সংখ্যা বাড়তেও পারতো। বুমরাহ বলেন, কিছুটা হতাশ লাগছে খেলতে না পেরে। তবে শরীরকে সম্মান দিতে হবে। শরীরের সঙ্গে লড়াই চলে না।
বুমরাহ আরও বলেন, চলতি সিরিজে সবচেয়ে মশলাদার উইকেটে সেভাবে বল করার সুযোগ পেলাম না। প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেল করার সময় থেকেই অস্বস্তি হচ্ছিল। তবে তাঁর অনুপস্থিতিতেও যেভাবে প্রথম ইনিংসে বাকি বোলাররা বল করেছেন তার প্রশংসা করেন এই টেস্টের অধিনায়ক বুমরাহ।
বুমরাহর কথায়, একজন বোলার কম হয়ে যাওয়ায় বাড়তি দায়িত্ব নিতে হতো বাকিদের। নিজেদের মধ্যে আলোচনায় যে বিষয়টি উঠে আসে তা হলো, নিজেদের উপর বিশ্বাস রেখে চারিত্রিক দৃঢ়তা দেখানো। তবে গোটা সিরিজে আমরা ভালো লড়াই চালিয়েছি। এই টেস্টেও লড়াইয়ে ছিলাম। আমরা শুরু থেকেই ছিটকে যাইনি। এটাই টেস্ট ক্রিকেট।
বুমরাহ মনে করেন এই সিরিজের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন তরুণ ক্রিকেটাররা। বুমরাহর কথায়, দীর্ঘ সময় ম্যাচে থাকতে গেলে চাপ তৈরি, চাপ আত্মস্থ করা ও পরিস্থিতি অনুযায়ী খেলা গুরুত্বপূর্ণ। সেই শিক্ষাই ভবিষ্যতে সকলকে সাহায্য করবে। তরুণ ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলেন। আমাদের দলে প্রতিভার অভাব নেই। তাঁরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। জিততে না পারায় সকলেই হতাশ। তবে এই সিরিজ অনেক শিক্ষাও দিল। দারুণ সিরিজ। দারুণ লড়াই চালিয়ে জেতার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন।












Click it and Unblock the Notifications